“অনুব্রত অপরাধী, তবে…?”-অনুব্রতর সুরক্ষা নিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

দিনকয়েক আগে সিউড়িতে নিজের পার্টি অফিসে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি কলার ধরে চরম হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য সরকারের তরফে অনুব্রত মণ্ডলের জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী বরাদ্দ করা হলো। শুক্রবার এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

কয়েক দিন আগেই সিউড়িতে অনুব্রত মণ্ডলের নিজস্ব কার্যালয়ে চড়াও হয়েছিল তিন জন যুবক। অফিস ভাঙচুরের পাশাপাশি অনুব্রতর গায়ে হাত তুলে কলার ধরে হুমকি দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনায় গোটা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ওই ঘটনার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের একাধিক তৃণমূল নেতা অনুব্রতর সঙ্গে দেখা করতে আসেন। তবে এই ঘটনাকে ঘিরে শাসকদলের অন্দরেই শুরু হয় তীব্র বিতর্ক।

তৃণমূল নেতা কাজল শেখ এই ঘটনাকে সম্পূর্ণ ‘সাজানো নাটক’ বলে উড়িয়ে দিয়ে কটাক্ষ করে বলেছিলেন, “নিরাপত্তারক্ষী ফিরে পাওয়ার জন্য অনুব্রত মণ্ডল নিজে এই ঘটনা সাজিয়েছেন।” এদিন এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য সংবাদমাধ্যমের পক্ষ থেকে কাজল শেখকে ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।

তৃণমূলের আগের আমলে রাজ্য সরকারের তরফে দেহরক্ষী ও বিশেষ নিরাপত্তা পেলেও পালাবদলের পর সেই সুরক্ষা তুলে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর কাছে কেবল ব্যক্তিগত দেহরক্ষী ছিল। সম্প্রতি তৃণমূলে অভ্যন্তরীণ ভাঙনের পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন।

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কারও জীবনহানির আশঙ্কা থাকলে পুলিশ তাঁকে নিরাপত্তা দিতেই পারে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। অনুব্রত মন্ডল অপরাধী, তাই তিনি জেল খেটেছেন।” সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা প্রাপ্তি এবং দলের অন্দরের কোন্দলকে কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত বীরভূমের রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *