খাতায়-কলমে বিদায় নিলেও বৃষ্টির কালো মেঘ! মহালয়া ও দুর্গাপুজোয় কি দুর্যোগের আশঙ্কা? জানাল আবহাওয়া দফতর

খাতায়-কলমে বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের বারিধারায় এখনও ভেজা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে পুণ্যময় দেবীপক্ষ। আর মাত্র কদিন বাদেই বাঙালির সবথেকে বড়ো উৎসব শারদোৎসব। কিন্তু প্রশ্ন হলো, পুজোয় কি তবে অঝোরে বৃষ্টিতে ভাসবে বাংলা? এই একটা আশঙ্কাই এখন প্ৰতিটি বাঙালিকে ভাবিয়ে তুলছে। এরই মাঝে আগামী দুই সপ্তাহের আবহাওয়া নিয়ে এক বড় আপডেট সামনে এনেছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর— এই দুই সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ১১ অক্টোবরের কাছাকাছি সময়ে উত্তর আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে।

এরই প্রভাবে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ দানা বাঁধতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তীতে তা উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজো এবং মহালয়ার আবহে এই নিম্নচাপের ভ্রূকুটিতে তর্পণ ও পুজোর কেনাকাটায় জল ঢালবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *