বাংলায় শিল্প বিপ্লব! হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ঢালছে রিলায়েন্স, কবে থেকে শুরু কাজ?

রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। কথা দিয়ে কথা রাখার প্রক্রিয়ায় এবার রাজ্যবাসীর সামনে এল আরও এক বিরাট সুখবর। নদিয়ার হরিণঘাটায় বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL)। আগামী ২৮ অক্টোবর এই মেগা প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস হওয়ার কথা রয়েছে।
হরিণঘাটায় রিলায়েন্সের মাস্টারপ্ল্যান:
সূত্রের খবর, নদিয়ার হরিণঘাটায় একটি অত্যাধুনিক ও বিশাল আকৃতির খাদ্য ও পানীয় উৎপাদন পার্ক (Food Park) গড়ে তুলতে চলেছে রিলায়েন্স। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রিলায়েন্সকে ৩০ একর জমি বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে। মুকেশ আম্বানির মালিকানাধীন আরসিপিএল (RCPL)-এর এটাই বাংলায় প্রথম কোনো বড় বিনিয়োগ। শুধু তাই নয়, ওয়াকিবহাল মহলের দাবি—এটিই হল দেশের পূর্বাংশে রিলায়েন্সের প্রথম মালিকানাধীন সমন্বিত ফুড পার্ক, যার মূল আকর্ষণ হতে চলেছে জনপ্রিয় কোমল পানীয় ‘ক্যাম্পা কোলা’ (Campa Cola) উৎপাদন কেন্দ্র।
বর্তমানে দেশজুড়ে ক্যাম্পার জনপ্রিয়তা তুঙ্গে এবং গুজরাত ও অন্ধ্রপ্রদেশের পর এবার বাংলার হরিণঘাটায় এই প্ল্যান্ট গড়ে ওঠায় পূর্ব ভারতের বাজারে সংস্থার পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ইতিপূর্বেই জিও-র মাধ্যমে বাংলায় বড় অংকের লগ্নী করেছে রিলায়েন্স, আর এবার এই এফএমসিজি (FMCG) প্রজেক্ট যুক্ত হওয়ায় রাজ্যে শিল্প পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
হলদিয়াতেও মেগা প্রকল্পের উদ্বোধন:
শুধু হরিণঘাটায় রিলায়েন্সের প্রজেক্টই নয়, পুজোর ঠিক আগেই শিল্প নিয়ে আরও এক বড় খবরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৪ অক্টোবর হলদিয়ায় প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ফেনল এবং অ্যাসিটোন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে, দুর্গাপুজোর ঠিক পরপরই নতুন শিল্পনীতি এবং একের পর এক মেগা প্রকল্পের চালুর ঘোষণায় বাংলার শিল্প মহলে এখন চরম উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।