মিছিলের মাঝেই হাতাহাতি, একে অপরকে লাগাতার চড়! ইন্ডিয়া জোটের কর্মসূচিতে কংগ্রেস নেত্রীদের লঙ্কাকাণ্ড

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে চরম হাঙ্গামা বাঁধল হরিয়ানার ফরিদাবাদে। বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেসের দুই মহিলা নেত্রী পরাগ শর্মা এবং গজন লাম্বা। বচসা গড়ায় সরাসরি চড়-থাপ্পড় ও মারপিটে। আর এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লি-এনসিআর জুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। তারই অংশ হিসেবে ফরিদাবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, মিছিল চলাকালীন এগিয়ে যাওয়া এবং সামনে জায়গা নেওয়াকে কেন্দ্র করে বল্লভগড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস নেত্রী পরাগ শর্মা এবং প্রাক্তন মহিলা জেলা প্রধান গজন লাম্বার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দু’জনেই একে অপরকে লক্ষ্য করে চড় মারেন। মিছিলে উপস্থিত অন্যান্য নেতা ও কর্মীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই অনভিপ্রেত ঘটনার পর দুই নেত্রীই স্থানীয় থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গজন লাম্বার অভিযোগ, মিছিলে হাঁটার সময় পরাগ শর্মা তাঁকে উদ্দেশ্যমূলকভাবে চিমটি কাটেন এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এমনকি তাঁর বিরুদ্ধে জাতি তুলে অপমানজনক মন্তব্য করারও গুরুতর অভিযোগ তুলেছেন গজন। অন্যদিকে, পুরো ঘটনায় কংগ্রেসের অন্দরের কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়েছে রাজ্য নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের অভিযোগ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।