দেশের একমাত্র ট্রেন যেখানে টিকিট লাগে না এক পয়সাও! বিনা ভাড়ায় ঘুরে আসুন অসাধারণ এই রুট থেকে

ভারতীয় রেলে যাতায়াত মানেই আগে থেকে টিকিট কাটা এবং টিটিই-এর ভয়ে থাকা। কিন্তু দেশের মধ্যে এমন একটি বিশেষ ট্রেন রয়েছে, যেখানে চড়ার জন্য কোনো যাত্রীকে একটি পয়সাও টিকিট কাটতে হয় না। আপনি যতবার খুশি সম্পূর্ণ বিনা ভাড়ায় এই ট্রেনে যাতায়াত করতে পারেন। ট্রেনটির নাম ভাকরা-নাঙ্গাল ট্রেন।
কেন এই ট্রেনে কোনো ভাড়া নেওয়া হয় না?
পাঞ্জাবের নাঙ্গাল থেকে হিমাচল প্রদেশের ভাকরা পর্যন্ত চলাচল করে এই অনন্য ট্রেনটি। মাত্র ৪০ মিনিটের এই যাত্রাপথে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি, যেখানকার যাত্রাপথ পাহাড়, সবুজ গাছপালা আর শতদ্রু নদীর অপরূপ সৌন্দর্যে ভরপুর।
১৯৪৮ সালে ভাকরা-নাঙ্গাল বাঁধ তৈরির সময় কর্তৃপক্ষ এই ট্রেনটি চালু করেছিল। সেই সময় মূলত বাঁধের কর্মী, আধিকারিক এবং তাঁদের মালপত্র আনা-নেওয়ার জন্যই এটি ব্যবহৃত হতো। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা, পড়ুয়া এবং পর্যটকদের জন্যও এটি উন্মুক্ত করে দেওয়া হয়।
একসময় রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়ায় ২০১১ সালে ট্রেনটি বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় মানুষের সুবিধা এবং ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে পরিষেবা বন্ধ করা হয়নি। আজ পর্যন্ত এই ট্রেনে যাত্রীদের থেকে কোনো ধরনের ভাড়া বা টিকিটের দাম নেওয়া হয় না। তাই পকেটে এক টাকাও খরচ না করেই পাহাড় ও নদীর বুক চিরে এই ঐতিহাসিক ফ্রি ট্রেনে ভ্রমণের আনন্দ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।