১২ বছরে খরচ ১২০ কোটি, অথচ আমানতকারীদের হাতে মাত্র ৯৬ কোটি! প্রাক্তন বিচারপতির কমিটিকে নিয়ে বিস্ফোরক কলকাতা হাইকোর্ট

বহু কোটি টাকার পঞ্জি এবং চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া নিয়ে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০১৫ সালের ডিসেম্বর মাসে চিটফান্ডের টাকা ফেরানোর উদ্দেশ্যে গঠিত প্রাক্তন বিচারপতি এসপি তালুকদার কমিটির ধীর গতি এবং অতিরিক্ত খরচ নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে আদালত।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত বিশেষ বেঞ্চ—বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিগত ১২ বছর ধরে এই কমিটি ঠিক কী কাজ করেছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলার সময় এসে গিয়েছে।
আদালতের হিসাব অনুযায়ী, কমিটি পরিচালনার পেছনে গত এক দশকে সরকারি কোষাগার থেকে প্রায় ১২০ কোটি টাকা খরচ করা হয়েছে (যা গড়ে প্রতি বছর প্রায় ১০ কোটি টাকা)। অথচ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার পর আমানতকারীদের মাত্র ৯৬ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে! কমিটিতে ২৪ জন কর্মী ও ১৩ জন ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও কাজের গতি অত্যন্ত শ্লথ হওয়ায় আদালতের পক্ষ থেকে এই কড়া পর্যবেক্ষণ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।