এক কলমের ফুঁয়ে বাতিল ৫০ ওয়ার্ডের নির্বাচন! সুপ্রিম কোর্টের মেগা আদেশে বড় ধাক্কা রাজনৈতিক মহলে

পাঞ্জাবের স্থানীয় রাজনীতিতে বড়সড় ধাক্কা দিল দেশের শীর্ষ আদালত। পাতিয়ালা এবং মোগা জেলার মোট ৫০টি ম্যুনিসিপাল ওয়ার্ডে হওয়া নির্বাচন সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগামী ছয় সপ্তাহের মধ্যে ওই ওয়ার্ডগুলিতে নতুন করে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নমিনেশন জমা দিতে বাধা দেওয়া, প্রার্থীদের মারধর করা এবং মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে তা নষ্ট করার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই এই কড়া পদক্ষেপ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
মনোনয়ন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির প্রমাণ
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি এক সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশনের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আদালত এই বড় রায় ঘোষণা করেছে।
কমিশনের তদন্তে প্রমাণিত হয়েছে যে, নির্দিষ্ট কিছু ওয়ার্ডে বিরোধীদের নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি। এমনকি জোর করে প্রার্থীদের আটকে রেখে তাঁদের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। আদালতের এই কঠোর রায়ের ফলে সংশ্লিষ্ট এলাকায় নতুন করে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।