ক্যানসার রোগীদের জন্য স্বস্তির নিঃশ্বাস! ওষুধের অতিরিক্ত দাম কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের

ক্যানসার রোগীদের চিকিৎসা খরচ কমাতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। নন-শিডিউলড বা নির্ধারিত তালিকার বাইরে থাকা সমস্ত অ্যান্টি-ক্যানসার ওষুধের ট্রেড মার্জিন বা লাভের অঙ্ক এবার সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। এর জেরে কিছু ক্ষেত্রে ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি সরাসরী ৭০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এই নতুন সিদ্ধান্তের ফলে দেশজুড়ে ক্যানসার রোগী এবং তাঁদের পরিবারগুলোর বছরে আনুমানিক আড়াই হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। চিকিৎসায় রোগীদের নিজস্ব পকেট থেকে যে আকাশছোঁয়া খরচ হয়, তা কমানোই এই পদক্ষেপের মূল লক্ষ্য। নতুন এই নিয়মের আওতায় দেশি ও আমদানি করা, পেটেন্টযুক্ত এবং পেটেন্টবিহীন—সব ধরনের ব্র্যান্ডেড ও জেনেরিক ক্যানসার ওষুধই রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের নজরদারি এবং অতিরিক্ত মাত্রায় ওষুধ বিক্রির ফলে সৃষ্ট অস্বস্তিকর পরিস্থিতির পর কেন্দ্র এই জোরালো পদক্ষেপ করল। এর আগে ২০১৯ সালেও ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে একই রকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে রোগীদের প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি সাশ্রয় হয়েছিল। এবারের এই পদক্ষেপটিকে সেই পুরনো উদ্যোগের একটি বৃহত্তর রূপ হিসেবেই দেখা হচ্ছে। এর ফলে জীবনদায়ী ওষুধ যেমন সাধারণ মানুষের নাগালে আসবে, তেমনই চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকা পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।