ঝাড়খণ্ডের জঙ্গল থেকে সোজা বাংলায় হানা! বীরভূমে একটি হিংস্র হায়না ঢুকে পড়তেই এলাকায় চরম আতঙ্ক

বীরভূমে আকস্মিক হায়নার হানা! দীর্ঘ কসরতের পর বন্যপ্রাণীটিকে উদ্ধার করে খাঁচবন্দি করল বন দফতর
উৎসবের আবহের মাঝেই বীরভূম জেলার ইলামবাজার এলাকায় একটি বন্য হায়নার উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৃষকদের চোখে পড়ার পর থেকেই এলাকায় চরম চাঞ্চল্য শুরু হয়, কারণ সাধারণত এই অঞ্চলে হায়নার আনাগোনা দেখা যায় না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমে ইলামবাজারের বদিপুর গ্রামের মাঠে এক প্রাপ্তবয়স্ক হায়নাকে দেখতে পান স্থানীয় কৃষকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানা ও বন দফতরে। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ইলামবাজারের তারাপুর গ্রামের মাঠ থেকে স্থানীয় যুবকদের সহযোগিতায় ওই হিংস্র প্রাণীটিকে জালে বন্দি করতে সক্ষম হন বনকর্মীরা। উদ্ধারকাজে বেগ পাওয়ার ফলে প্রাণীটিও অল্পবিস্তর আহত হয়। বন দফতর সূত্রে জানানো হয়েছে, দলছুট হয়ে ঝাড়খণ্ডের জঙ্গল থেকেই প্রাণীটি এই এলাকায় প্রবেশ করেছে। বর্তমানে সেটিকে খাঁচাবন্দি করে ইলামবাজার প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সুস্থ হওয়ার পর উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।