বৈধ টিকিট থাকা সত্ত্বেও ফ্লাইটে উঠতে বাধা! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ৭০ হাজার টাকা জরিমানা

বৈধ টিকিট ও সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা সত্ত্বেও কোচি থেকে আবু ধাবিগামী ফ্লাইটে উঠতে না দেওয়ার ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে বড় ধাক্কা দিল ত্রিশূর জেলা উপভোক্তা কমিশন। পরিষেবায় চরম গাফিলতির দায়ে বিমান সংস্থাকে মোট ৭০,২৮৭ টাকা ক্ষতিপূরণ ও মামলার খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি। কোচি থেকে আবু ধাবি যাওয়ার জন্য প্রায় তিন বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটের টিকিট কেটেছিলেন এক মহিলা। এর জন্য ২০,২৮৭ টাকা খরচও করেছিলেন তিনি। কিন্তু সমস্ত নিয়ম মেনে বিমানবন্দরে পৌঁছনো সত্ত্বেও কোনো সন্তোষজনক কারণ ছাড়াই মা ও সন্তানকে ফ্লাইটে উঠতে বাধা দেয় বিমান সংস্থা। এমনকী টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি। বাধ্য হয়ে শেষ মুহূর্তে অতিরিক্ত ২৯,৫১০ টাকা খরচ করে অন্য বিমানের টিকিট কেটে শারজা হয়ে ব্রেকে যাত্রাপত্র শেষ করতে হয় তাঁকে। সঙ্গে ছোট শিশু থাকায় চরম শারীরিক ও মানসিক কষ্টের মুখে পড়তে হয় ওই মহিলাকে।

পরবর্তীতে ২০২৩ সালে আইনি নোটিস পাঠানোর পর প্রতিকার না মেলায় উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন ভুক্তভোগী। দীর্ঘ শুনানির পর কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, যাত্রীকে বোর্ডিংয়ে বাধা দেওয়ার মতো আইনসম্মত কোনো কারণ বা প্রমাণ বিমান সংস্থা আদালতে পেশ করতে পারেনি। শেষ পর্যন্ত মা ও শিশুর মানসিক যন্ত্রণা এবং অতিরিক্ত ভোগান্তির কথা মাথায় রেখে মূল টিকিটের দামের পাশাপাশি ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং ১০ হাজার টাকা মামলা খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রিশূর উপভোক্তা কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পরিশোধ না করলে তার উপর ৯ শতাংশ বার্ষিক সুদ দেওয়ার কড়াকড়ি নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *