‘আমার গায়ে আঁচড় কেটেছে!’ দিল্লির রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক রাহুল গান্ধী

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বুধবার রাজধানী দিল্লিতে তীব্র বিক্ষোভ দেখাল কংগ্রেস। এদিন যন্তরমন্তরের উদ্দেশ্যে রওনা হওয়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বাস অশোকা রোডের কাছে আটকে দেয় দিল্লি পুলিশ। এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস সাংসদরা। পুলিশি বাধার মুখে পড়ে রাস্তায় শুয়ে পড়েন ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর হাতে শক্ত করে ধরা ছিল সংবিধান। প্রিয়াঙ্কার অভিযোগ, মহিলা পুলিশকর্মীরা তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন এবং তাঁর সারা গায়ে আঁচড় কেটে দেওয়া হয়েছে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশাল পুলিশবাহিনী এসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জোর করে টেনেহিঁচড়ে একটি বাসে তুলে আটক করে। তাঁকে বারাকাম্বা রোড থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকেও ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার আকাশবাণী ভবনের সামনে ধরনা দেওয়ার পর বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মধ্যাহ্নভোজের পরই আচমকা এই যন্তরমন্তর অভিযানের সিদ্ধান্ত নেন বিরোধী সাংসদরা। বাসের ছাদে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায় অনেককে।

এই চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর অভিযোগ, ‘সমাজবিরোধী শক্তি’র সঙ্গে হাত মিলিয়ে দেশে নৈরাজ্যের পরিবেশ তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিরোধে আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিতই মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *