মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর! প্রধানমন্ত্রীকে নিয়ে কী এমন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

‘আগামী লোকসভায় বাংলার সব আসন মোদিকে উপহার দেব’, ভাদনগর থেকে ঐতিহাসিক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের সফল ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক যাত্রার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের স্বার্থে এবং গরিব কল্যাণ রক্ষায় প্রধানমন্ত্রী যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন, তা সমসাময়িক রাজনীতিতে বিরল।
গুজরাতের ভাদনগরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে জানান যে, আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়ার জন্য বাংলার মানুষ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপটের সমালোচনা করে তিনি বলেন, মোদীর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার ফলেই আজ দেশের সুরক্ষায় প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে এবং ভারত বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বাংলার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, অতীতে রাজ্যে সনাতনী সংস্কৃতি ও সাধারণ মানুষের ওপর যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, তা আজ কেন্দ্রীয় নীতির কল্যাণে অনেকটাই বদলে গেছে। আগামী দিনে রাজ্যের মানুষের ভরসা ও আস্থাকে পাথেয় করে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে বাংলায় পদ্মশিবির বড় সাফল্যের মুখ দেখবে বলেই তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।