২০০১ থেকে ২০২৬: প্রশাসনে মোদীর ২৫ বছর! বিশেষ দিনে বড় সিদ্ধান্তের পর মন্দিরে প্রধানমন্ত্রী

জনপ্রতিনিধি ও প্রশাসক হিসেবে সাফল্যের ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) দিল্লির ঐতিহ্যবাহী সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনা সারেন তিনি।

মন্দিরে জাঁকজমকপূর্ণ আচার-অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী লেখেন, “আজ নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়েছি। দেশের প্রতিটি প্রান্তে থাকা আমার পরিবারের সদস্যদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বিঘ্নহর্তা গণেশের কৃপা প্রার্থনা করেছি। তাঁর আশীর্বাদে দেশ যেন নিরন্তর উন্নতির পথে এগিয়ে যায়।”

গুজরাট থেকে দিল্লি—২৫ বছরের ইতিহাস:
২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রশাসনিক প্রধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর টানা ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন গুজরাটের সফল রূপকার। ২০১৪ সালের মে মাসে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে টানা ১২ বছর ধরে সেই পদ অলঙ্কৃত করে চলেছেন তিনি। প্রশাসনে তাঁর এই নিরবচ্ছিন্ন ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা জানিয়ে ইতিমধ্যেই একটি বিশেষ প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি থেকে যোগী—উদযাপনে একঝাঁক ভিভিআইপি:
প্রধানমন্ত্রীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। গুজরাটের বডনগর থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প যাত্রা’ নামক বিশেষ মোটরসাইকেল র‍্যালিটি এদিন বারাণসীতে পৌঁছবে।

উৎসবের আবহ তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর নিজস্ব সংসদীয় কেন্দ্র বারাণসীতেও। সেখানে আয়োজিত ‘নমো বুক ফেস্ট: কাশী এডিশন’-এ যোগ দিতে ভারতে পৌঁছেছেন জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি আকি আবে। রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একমঞ্চে উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও এই উদযাপনে অংশ নিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তর প্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী সহ একাধিক শীর্ষনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *