বিগ বসে হাহাকার! খাবার-জল কেড়ে নিলেন বিগ বস, মাঝ-সপ্তাহেই ছাঁটাই হচ্ছেন এই জনপ্রিয় প্রতিযোগী?

নিত্যপ্রয়োজনীয় জিনিসের গুরুত্ব না বোঝা এবং বেহিসাবি অপচয়ের চরম মাশুল গুনতে হলো বিগ বসের ঘরের প্রতিযোগীদের। দীর্ঘদিনের জল ও খাবার অপচয়ের অভিযোগে কঠোর সিদ্ধান্ত নিলেন বিগ বস। সোজা গৃহবন্দিদের হাত থেকে সমস্ত খাবার ও পানের জল কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অন্দরমহলে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক।
জটিল পরিস্থিতি সামাল দিতে বিগ বস আয়োজন করেন এক বিশেষ লাক্সারি টাস্ক। জানিয়ে দেওয়া হয়, টাস্কে সফল হলেই কেবল মিলবে বেঁচে থাকার রসদ। ফলে খিদে ও তৃষ্ণা মেটাতে মরিয়া হয়ে লড়াইয়ে নামেন সদস্যরা। কঠিন এই টাস্কে ছিল সাইকেল চালানো, গম পেষাই, বরফ ঘষা এবং জল ভরার মতো চ্যালেঞ্জিং কাজ। ব্যক্তিগত ও দলগত—দুইভাবেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন প্রতিযোগীরা।
টাস্ক চলাকালীন অলসতার অভিযোগ ওঠায় জবাব দিতে গম পেষাইয়ের কঠিন কাজ নিজের কাঁধে তুলে নেন ঝিলম। অন্যদিকে, সবাইকে তাক লাগিয়ে বাজিমাত করেন রাজবীর। সর্বাধিক কয়েন সংগ্রহ করে আগামী সপ্তাহের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন তিনি।
তবে আসল চমক আসে সপ্তাহান্তের পর্বের পর। সাধারণত শনি বা রবিবারের ‘দাদার দরবার’-এ বাদ পড়ার পর্ব থাকলেও এবার কাউকে বিদায় নিতে হয়নি, যা সদস্যদের সাময়িক স্বস্তি দিয়েছিল। কিন্তু সেই স্বস্তি উবে যায় বিগ বসের একটি বিস্ফোরক ঘোষণায়। আচমকাই জানানো হয়—হবে মিড-উইক এভিকশন বা সপ্তাহের মাঝপথেই এলিমিনেশন!
বিগ বসের এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে বর্তমানে মাথায় হাত প্রতিযোগী থেকে শুরু করে দর্শকদের। নিষ্ক্রিয়তার কারণে আগেই ঝিলম ও দীপেন্দুকে সরাসরি মনোনীত করেছিলেন বিগ বস। বিশেষ করে দীপেন্দুর কোনো অংশগ্রহণ না থাকায় বিগ বসের নজর এখন সোজাসুজি তাঁর দিকেই। বিশ্বস্ত সূত্রের খবর, মাঝ-সপ্তাহের এই আচমকা ছাঁটাইয়ের খাঁড়া পড়তে চলেছে দীপেন্দুর ওপরই। আজই কি তবে শেষ হচ্ছে তাঁর বিগ বসের সফর? উত্তর মিলবে আজকের রোমাঞ্চকর পর্বে।