‘১০ মে না ১২ মে?’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তৈরি হলো ধোঁয়াশা, অস্বস্তিতে নির্দেশিকা!

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা হ্রাস এবং Z+ ক্যাটেগরির সুরক্ষা ফিরিয়ে দেওয়ার আবেদন সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে ডিরেক্টর সিকিউরিটি-র কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও।

আদালত সূত্রে খবর, ২০২৬-এর নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। পরবর্তীকালে তা কমিয়ে সাধারণ সাংসদদের মতো ‘X’ ক্যাটেগরি করে দেওয়া হয়। বর্তমানে তাঁর স্থায়ী সুরক্ষায় কেবল কয়েকজন ‘হাউস গার্ড’ বা গৃহরক্ষী রয়েছেন বলে আদালতে দাবি করেন সাংসদের আইনজীবী। মামলায় অভিযোগ জানানো হয়, সুরক্ষা বলয় তুলে নেওয়ার পর বিভিন্ন সময় একাধিক স্থানে তিনি আক্রান্ত ও হামলার মুখোমুখি হয়েছেন।

মঙ্গলবার শুনানিকালে নিরাপত্তা প্রত্যাহারের দিনক্ষণ নিয়ে এক অদ্ভুত অসংগতি প্রকাশ পায়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর আদালতকে জানায়, গত ১২ মে অভিষেকের Z+ সুরক্ষা প্রত্যাহার করা হয়েছিল। অথচ মামলাকারী অভিষেকের দাবি, তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয় ১০ মে। এই সময়ের তারতম্য দেখে তীব্র প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। ‘কিভাবে এটি সম্ভব?’ তা নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতি নিরাপত্তা প্রত্যাহারের মূল নির্দেশিকাটি দেখতে চান।

সমগ্র বিষয়ে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সমন্বয় এবং সুরক্ষার ধরন খতিয়ে দেখতে আগামী ১৩ অক্টোবরের মধ্যে রাজ্য ডিরেক্টর সিকিউরিটিকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *