জিলিপির জাতভাই এই মিষ্টির প্রেমে পড়েন না কে? রইল বাড়িতে পারফেক্ট অমৃতি বানানোর সহজ উপায়

মিষ্টি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। উৎসব হোক বা ছুটির দুপুর, পাতে রসগোল্লা থেকে শুরু করে জিলিপি না থাকলে বাঙালির মন ঠিক ভরে না। আর এই মিষ্টির তালিকায় অন্যতম জনপ্রিয় নাম অমৃতি। জিলিপির জাতভাই এই মিষ্টি অনেকেরই ভীষণ প্রিয়। কিন্তু মুশকিল হলো, এই সুস্বাদু পদ বরাবরই আমাদের দোকান থেকেই কিনে খাওয়া হয়। কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে এই মিষ্টি বানালে কেমন হয়?
দোকানের অমৃতিতে প্রায়শই বিভিন্ন ফুড কালার বা ক্ষতিকারক রং ব্যবহার করা হয়। কিন্তু বাড়িতে বানালে আপনি সম্পূর্ণ স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন উপায়ে এটি তৈরি করতে পারবেন। তাছাড়া এর তৈরির পদ্ধতিও খুব একটা কঠিন নয়। একটু ধৈর্য ধরে বানালেই দোকানের চেয়েও সুস্বাদু অমৃতি তৈরি করা সম্ভব ঘরের কিচেনেই।
অমৃতি তৈরির প্রয়োজনীয় উপকরণ:
আধ কাপ সাদা বিউলির ডাল
সামান্য বেকিং পাউডার
আধ কাপ চিনি
২-৩টি ছোট এলাচ
২-৩টি বরফের টুকরো
সামান্য জাফরান
অমৃতি তৈরির সহজ প্রণালী:
প্রথমে বিউলির ডাল ভালো করে ধুয়ে ৫ থেকে ৬ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে দিন। ডাল নরম হয়ে গেলে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিন। তবে বাটার সময় বরফের টুকরো ব্যবহার করা খুব জরুরি। বরফ দিলে পেস্ট করার সময় ডালের তাপমাত্রা বাড়ে না এবং টেক্সচার ভালো থাকে।
এরপর ডাল বাটা একটি বড় পাত্রে নিয়ে তার মধ্যে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার হাত দিয়ে বা ডাল ঘুঁটুনি দিয়ে অন্তত ১০ মিনিট একটানা ফেটাতে থাকুন। পেস্টটি যখন ক্রিমের মতো হালকা ও তুলতুলে হয়ে যাবে, তখন বুঝবেন মিশ্রণটি একদম তৈরি।
অন্য একটি কড়াইতে চিনি, পরিমাণমতো জল এবং জাফরান একসঙ্গে ফুটিয়ে একটি পাতলা রস তৈরি করে নিন। রসে সুগন্ধ আনার জন্য ছোট এলাচ থেঁতো করে মিশিয়ে দিতে পারেন।
এবার অমৃতির আসল রহস্য হলো তার নিখুঁত নকশা। একটি পরিষ্কার সুতির কাপড়ের মাঝখানে ছোট করে ফুটো করে নিন। সেই কাপড়ের মধ্যে ডাল বাটা ভরে নিন। সরাসরি কড়াইতে দেওয়ার আগে একটি প্লেটে কাপড়ের সাহায্যে অমৃতির প্যাটার্ন বা নকশা বানানোর হাত প্র্যাকটিস করে নিতে পারেন।
কড়াইতে পর্যাপ্ত তেল বা ঘি গরম করুন। এরপর কাপড়ের সাহায্যে গরম তেলে গোল গোল করে অমৃতির আকারে ডাল বাটা ছাড়তে থাকুন। মাঝারি আঁচে রেখে একটা পিঠ ভাজা হলে উল্টে দিন। দুই দিক সোনালি ও মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিন। ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গরম অমৃতি চিনির রসে ডুবিয়ে দিন। মিনিট দুয়েক রসে রেখে তুলে নিলেই ব্যস, একেবারে তৈরি সুস্বাদু ও খাস্তা বাড়িতে তৈরি অমৃতি! ছুটির দিনে বা সন্ধ্যার আড্ডায় গরম গরম এই অমৃতি পরিবেশন করে তাক লাগিয়ে দিন ঘরের সবাইকে।