তৃণমূলে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের ঠিক কদিনের মাথায় মেগা চমক? নিজের ছেড়ে দেওয়া আসনেই মনোনয়ন পেশ কোয়েলের

রাজনীতিতে যোগদানের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বিজেপির প্রাথমিক তালিকায় নাম ওঠার পর আনুষ্ঠানিক যোগদান এবং তারপরেই ঝড়ের গতিতে মনোনয়ন পেশ— পুরো প্রক্রিয়াটাই ঘটেছে অত্যন্ত কম সময়ের মধ্যে। সোমবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে রেখে নিজের ছেড়ে দেওয়া আসনেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কোয়েল।
দল বদল এবং অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে তৃণমূলে ইস্তফা দিয়ে পদ্মশিবিরে নাম লেখানো নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইলেও, কোয়েলের সাবলীল আত্মপ্রকাশ এখন আলোচনার হটস্পট। সোমবার যোগদানের ঠিক কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়— “রাজ্যে যদি ক্ষমতা বদল না হতো, তবে কি তখনও দলবদল করতেন কোয়েল মল্লিক?”
এই কৌশলী ও স্পর্শকাতর প্রশ্নের মুখে পড়ে একটুও বিচলিত না হয়ে কোয়েল বলেন, “এইসব প্রশ্নের উত্তর অন্যদিনের জন্য তোলা থাক। আজকের দিনটা একেবারে অন্য কারণে আমার এখানে আসা। কিছু নিয়মনীতি পালন করার জন্য। আজকের দিনটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ।” একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গোটা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, সাধারণ মানুষের সেবা ও কল্যাণের এই বড় দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গেই পালন করতে চান। বাংলার উন্নয়ন এবং গত কয়েক মাসে রাজ্যে শুরু হওয়া ইতিবাচক পরিবর্তনকেই তিনি পাখির চোখ করছেন বলে স্পষ্ট জানান অভিনেত্রী।