বিমানের টিকিটে ফের বাড়তি খরচ! ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটে সারচার্জ বৃদ্ধির ঘোষণা করল IndiGo

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন চার্জ আগামী ৬ অক্টোবর রাত ১২টা ০১ মিনিট থেকে সমস্ত নতুন বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ (ATF)-এর দাম লাগাতার বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা।

কেন এই মূল্যবৃদ্ধি?

শিল্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশই খরচ হয় বিমানের জ্বালানির পেছনে। সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেল ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাগাতার বাড়ায় এটিএফ-এর খরচ এক দশকের মধ্যে অন্যতম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত মাসেই জ্বালানির দাম ১৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানির বাজার অস্থিতিশীল থাকায় এই বাড়তি চাপ এভিয়েশন সেক্টরের ওপর পড়ছে বলে জানিয়েছে ইন্ডিগো।

কত বাড়ছে চার্জ?

ইন্ডিগোর নতুন কাঠামো অনুযায়ী, ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে দূরত্বের ওপর ভিত্তি করে সারচার্জ ১০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ১০০০ থেকে ১৫০০ কিমি দূরত্বের ফ্লাইটে ৯০০ টাকা, ১৫০১ থেকে ২০00 কিমি পর্যন্ত ১১৫০ টাকা এবং ২০০০ কিমির বেশি দূরত্বের ফ্লাইটে ১৩০০ টাকা পর্যন্ত ফুয়েল চার্জ ধার্য করা হচ্ছে। অন্যদিকে, সারচার্জ বাড়ানো হয়েছে একাধিক আন্তর্জাতিক রুটেও।

উৎসবের এই সময়ে যাঁদের যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের পকেটে যে বাড়তি টান পড়তে চলেছে, তা বলাই বাহুল্য!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *