ডাস্বিনের পাহাড় সাফ! মাত্র দেড় বছরে ২১৭ লক্ষ টন জঞ্জাল সরিয়ে তাক লাগাল দিল্লি সরকার।

রাজধানী দিল্লিকে জঞ্জাল ও আবর্জনার পাহাড় মুক্ত করতে বড়সড় সাফল্য পেল সরকার। গত দেড় বছরে দিল্লির বিভিন্ন ল্যান্ডফিল সাইট থেকে প্রায় ২১৭.১৭ লক্ষ মেট্রিক টন পুরনো ও জমিয়ে রাখা বর্জ্য (Legacy Waste) সফলভাবে প্রক্রিয়াকরণ করে সাফ করা হয়েছে বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এর ফলে শহরের বুক থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০০ একর মূল্যবান জমিও।
শনিবার ওখলা ল্যান্ডফিল সাইট স্বয়ং পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানে বর্জ্য নিষ্কাশন ও সাফাইকাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখার পাশাপাশি নতুন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, একদিকে যেমন পুরনো আবর্জনার পাহাড় ছোট করে ফেলা হচ্ছে, তেমনই প্রতিদিন তৈরি হওয়া নতুন জঞ্জাল যাতে নতুন করে পাহাড়ের আকার না নেয়, তার জন্য বৈজ্ঞানিক উপায়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
রাজধানীর পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারের এই মিশন মোডের কাজ সাধারণ মানুষের নজর কেড়েছে। আগামী দিনে দিল্লিকে পুরোপুরি জঞ্জালমুক্ত করার লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করছে পুরো টিম, যা দেশের অন্যান্য মেট্রো শহরের কাছেও এক বড় নজির হয়ে উঠছে।