পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত! ইসলামাবাদে তলব ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্সকে।

আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফের (BSF) গুলিতে দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের একবার চরম কূটনৈতিক উত্তেজনা শুরু হলো দুই প্রতিবেশী দেশের মধ্যে। এই ঘটনার জেরে ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্সকে (Chargé d’affaires) তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
ঘটনার বিবরণী অনুযায়ী, পাঞ্জাব সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করা এবং ভারতীয় ভূখণ্ডে অনধিকার প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ জওয়ানরা তাদের থামতে বলেন। কিন্তু নির্দেশ অমান্য করে এগিয়ে আসার জেরে জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন, যার ফলে ঘটনাস্থলেই দুই পাকিস্তানি যুবকের মৃত্যু হয়।
এই প্রাণহানির ঘটনার পরেই পাকিস্তানের পক্ষ থেকে কড়া কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখা তলব করা হয়েছে। অন্যদিকে, দেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে জওয়ানদের এই পদক্ষেপে সম্পূর্ণ অটল রয়েছে ভারতীয় পক্ষ। দুই দেশের এই নতুন সংঘাতের জেরে সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।