পেশায় WBCS অফিসার, নেশায় ত্রাতা! গ্রামের ছেলেমেয়েদের বিনা পয়সায় পড়িয়ে ইতিহাস গড়ছেন বাঁকুড়ার এই কৃতি সন্তান।

পেশাগত জীবনের গুরুদায়িত্ব এবং প্রশাসনিক ব্যস্ততা তুচ্ছ করে সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য ও উজ্জ্বল নজির স্থাপন করে চলেছেন বাঁকুড়া ২ ব্লকের তিলাবেদিয়া গ্রামের বাসিন্দা তথা WBCS আধিকারিক অর্কপ্রভ সিনহা। বর্তমানে দুর্গাপুরে জিএসটি (GST) দপ্তরের স্টেট ট্যাক্স অফিসারের পদে কর্মরত থাকলেও, নিজের ছুটির বা অবসরের মুহূর্তগুলো তিনি পুরোপুরি বিলিয়ে দিচ্ছেন গ্রামের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার কাজে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনার সময় থেকে গ্রামের যুবক-যুবতীদের অনুরোধে নিজের বাড়িতেই সম্পূর্ণ বিনামূল্যে একটি বিশেষ পাঠশালা বা কোচিং ক্লাস শুরু করেছিলেন অর্কপ্রভ। কোনো ধরনের আর্থিক পারিশ্রমিক ছাড়াই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিখরচায় প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টার ফলে ইতিমধ্যেই তিলাবেদিয়া ও পার্শ্ববর্তী এলাকার বহু অভাবী ও মেধাবী তরুণ-তরুণী পশ্চিমবঙ্গ পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পেয়ে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন।

শুধু পড়ানোই নয়, বহু গরিব শিক্ষার্থীর পরীক্ষার ফর্ম ফিলাপ করার খরচ থেকে শুরু করে প্রয়োজনীয় বইপত্র কিনে দেওয়ার সম্পূর্ণ দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন এই জনদরদি আধিকারিক। এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা তাই ভালোবেসে তাঁকে ‘পরশপাথর’ হিসেবেই গণ্য করেন। শত ব্যস্ততার মাঝেও গ্রামের ছেলে-মেয়েদের আলোর পথ দেখাতে অর্কপ্রভ সিনহার এই নিরলস প্রয়াস এখন রাজ্যজুড়ে ব্যাপক প্রশংস কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *