জামাকাপড় কেনার আগে ঘরে বসেই ট্রায়াল দিন! ChatGPT-র এই জাদুকরী ফিচারে চমকে যাবে গোটা বিশ্ব

অনলাইন শপিংয়ের অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যেতে বড় পদক্ষেপ নিল কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা OpenAI। সংস্থার পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে তাদের লেটেস্ট ‘ChatGPT Images 2.5’ মডেল। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো একটি পোশাক কেনার আগে নিজেদের শরীরের সঙ্গে ভার্চুয়ালি ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন যে সেই পোশাকটি তাঁদের ঠিক কেমন মানাচ্ছে।
কীভাবে কাজ করবে এই ভার্চুয়াল ট্রায়াল ফিচার?
নতুন এই প্রযুক্তির সাহায্যে অনলাইন শপিংয়ের দুনিয়ায় আর আন্দাজে পোশাক কেনার দিন শেষ হতে চলেছে। ব্যবহারকারীরা প্রথমে একটি সেলফি অথবা ফুল-সাইজ ছবি আপলোড করবেন। এরপর নির্দিষ্ট কোনো ট্রেন্ডি পোশাক বা স্টাইলের বিবরণ দিলেই অ্যাপের ফিডে থাকা পোশাকগুলোর মধ্য থেকে পছন্দের ড্রেস বেছে নিয়ে ভার্চুয়ালি ট্রায়াল দেওয়া সম্ভব হবে। এর ফলে খুব সহজেই বোঝা যাবে ওই পোশাকটি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য সেরা পছন্দ হবে কি না।
পাশাপাশি, এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে একটি নতুন ‘Favorites’ অপশন। এর মাধ্যমে পছন্দসই পোশাকগুলি একটি লাইব্রেরিতে সেভ করে রাখা যাবে, যা পরবর্তীতে ট্রাই-অন করা ছবির সঙ্গেও সংরক্ষিত থাকবে। শুধু তাই নয়, কোনো সেলিব্রিটির পরা পোশাকের ছবি আপলোড করে সেটি কোথায় পাওয়া যেতে পারে, তার হদিশও দিতে পারবে এই এআই এজেন্ট। আধুনিক প্রযুক্তির এই অভিনব ফিচার শপিং প্রেমীদের অভিজ্ঞতাকে যে আরও অনেক বেশি সহজ ও আকর্ষণীয় করে তুলবে, তা বলাই বাহুল্য।