নামেই টাইগার রিজার্ভ ছিল, এবার বাঘ থেকে বিশ্বমানের ট্যুরিজম! আলিপুরদুয়ার নিয়ে বড় আপডেট

বিশ্বের পর্যটন মানচিত্রে এবার এক নতুন অধ্যায় যোগ হতে চলেছে আলিপুরদুয়ারে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী লাগোয়া প্রায় দুই হাজার একর জমিতে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বা ‘ওয়ার্ল্ড ক্লাস ডেস্টিনেশন’ গড়ে তোলার ঘোষণা করল কেন্দ্র সরকার। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ খবর জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বিশেষ উদ্যোগে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। বক্সার আশেপাশের এই বিশাল এলাকাকে পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারও সবরকম সহযোগিতা করবে। এর ফলে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্র এক সম্পূর্ণ নতুন মাত্রা পাবে বলে মনে করছে প্রশাসন।
বক্সায় বাঘ পুনর্বাসন ও ট্যুরিজমে জোর শুধুমাত্র পর্যটন পরিকাঠামোই নয়, জঙ্গলমহলের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে একাধিক বড় পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এতদিন বক্সা নামেই টাইগার রিজার্ভ থাকলেও সেখানে বাঘের অস্তিত্ব ছিল না। সম্প্রতি বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনী এনে বক্সায় ছাড়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরও তিনটি বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও হলং-এ নতুন বনবাংলো নির্মাণ এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতির নামকরণ সংক্রান্ত নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
জনজাতিদের জন্য বিশেষ ঘোষণা আসন্ন পুজো ও উৎসবের মরশুমকে সামনে রেখে আলিপুরদুয়ারের প্রাচীন জনজাতিদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দশেরার দিন থেকেই জেলার বিভিন্ন জনজাতি পরিবারের হাতে স্পেশাল ফুড প্যাকেট তুলে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী নভেম্বর মাসে টোটোপাড়া সফরের কথা জানিয়ে সেখানকার বাসিন্দাদের জন্য সোলার লাইট, পাকা বাড়ি, শৌচালয়, পানীয় জল এবং বিশেষ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।