রাজঘাটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা! অশান্ত বিশ্বে কেন আজ মহাত্মা গান্ধীর আদর্শ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক?

আজ ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী। দিনটি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘গান্ধী জয়ন্তী’ হিসেবে পালিত হচ্ছে। এই বিশেষ দিনে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি সেখানে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভাতেও অংশ নেন দেশের শীর্ষ নেতৃত্ব।

বিশ্বজুড়ে গান্ধীর আদর্শের প্রাসঙ্গিকতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের আবহে গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আজ আরও অনেক বেশি প্রাসঙ্গিক।” তাঁর মতে, সমাজের সকলের কল্যাণ এবং উন্নয়নের যে আদর্শ মহাত্মা গান্ধী ‘সর্বোদয়’-এর মাধ্যমে তুলে ধরেছিলেন, তাকে পাথেয় করেই ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, সত্য, অহিংসা, সহমর্মিতা এবং সেবার যে আদর্শ গান্ধীজি তাঁর জীবন দিয়ে স্থাপন করে গেছেন, তা সব যুগেই মানবসমাজকে পথ দেখাবে। পাশাপাশি, স্বদেশি ও খাদির ওপর গান্ধীজির জোর দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন অন্তত একটি করে খাদি সামগ্রী কেনার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

লাল বাহাদুর শাস্ত্রে র প্রতি শ্রদ্ধা ও দেশজুড়ে নানা কর্মসূচি গান্ধী জয়ন্তীর পাশাপাশি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানানো হয়। বিজয়ঘাটে গিয়ে শাস্ত্রীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বিখ্যাত ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান এবং দেশের প্রতি তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন।

রাজধানী দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। ওড়িশার পুরীতে বালির অ্যানিমেশনের মাধ্যমে গান্ধীকে স্মরণ করা হয়। পাশাপাশি, রাজস্থান, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে নানা স্বচ্ছতা অভিযান ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকেও মহাসমারোহে ব্যারাকপুর গান্ধী ঘাটে ১৫৭তম গান্ধী জয়ন্তী পালিত হয়। সেখানে রাজ্যপাল আর এন রবি সহ রাজ্যের বিশিষ্ট মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত থেকে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *