স্বামীকে তালাক দিতে প্ররোচনা! পাঁচ আত্মীয়ের আগাম জামিন মঞ্জুর করল গুজরাট হাইকোর্ট

স্বামীকে তালাক দিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত পাঁচ নিকটাত্মীয়কে আগাম জামিন মঞ্জুর করল আদালত। মামলাটির শুনানিতে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল যে, আবেদনকারীদের বিরুদ্ধে মূলত অভিযোগকারী মহিলার স্বামীকে সমর্থন জানানোর অভিযোগই রয়েছে।
আইনি লড়াই ও আদালতের পর্যবেক্ষণ
ফৌজদারি এই মামলাটিতে আবেদনকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৮৫, ৩৫১(২) এবং ৫৪ নম্বর ধারার পাশাপাশি মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার সুরক্ষা) আইন, ২০১৯-এর ৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছিল।
আবেদনকারীদের আইনজীবীর পক্ষ থেকে আদালতে জোরালো সওয়াল করে জানানো হয় যে, অভিযোগের যে প্রকৃতি, তাতে অভিযুক্তদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি তাঁরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং বিচার প্রক্রিয়া চলাকালীন আইন অনুযায়ী নিয়মিত উপস্থিত থাকবেন বলেও আদালতকে আশ্বাস দেওয়া হয়।
সমস্ত দিক বিবেচনা করে গুজরাট হাইকোর্ট উল্লেখ করেছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য নয়। এছাড়া তাঁদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড বা ক্রিমিনাল হিস্ট্রি না থাকায় এবং তাঁরা তদন্তে সহযোগিতার আশ্বাস দেওয়ায় আদালত এই স্বস্তিদায়ক রায় দিয়েছে।
হাইকোর্টের স্পষ্ট নির্দেশিকা
আদলত সূত্রে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, এই রায় ও পর্যবেক্ষণগুলি শুধুমাত্র আগাম জামিন মঞ্জুর করার আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এর ফলে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের কার্যধারায় কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে এই নির্দেশ তদন্তকারী সংস্থাকে আবেদনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যাওয়া থেকে বাধা দেয় না।