শিক্ষকের সামনেই সহপাঠীর গলায় ক্ষুরের কোপ! বালিগঞ্জের নামী স্কুলে ঘটে গেল রক্তহিম করা কাণ্ড

দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির নামী ইংরেজি মাধ্যম স্কুলে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। ক্লাসরুমের মধ্যে শিক্ষক ক্লাস নেওয়ার সময়ই বই সংক্রান্ত বচসার জেরে সহপাঠীর গলায় ক্ষুর চালিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অস্ত্রোপচারও করা হয়েছে।

স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নবম শ্রেণির ওই সেকশনে ক্লাস চলছিল এবং খোদ ক্লাসটিচারই পড়াচ্ছিলেন। অভিযোগ, পেছনের বেঞ্চে বসা দুই ছাত্রের মধ্যে বই নিয়ে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। শিক্ষক তাদের থামতে বললেও ক্লাস চলাকালীনই আচমকা এক ছাত্র পকেট থেকে ক্ষুর জাতীয় কোনো ধারাল অস্ত্র বের করে সরাসরি সহপাঠীর গলার ওপর চালিয়ে দেয়। চোখের নিমেষে গলগল করে রক্ত বের হতে শুরু করে ওই ছাত্রের গলা থেকে।

হঠাৎ এমন ঘটনায় শিক্ষক থেকে শুরু করে ক্লাসের অন্য পড়ুয়ারাও সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে আহত ছাত্রকে দ্রুত রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, গলার নলীর ঠিক ওপরের অংশে এবং হাতে গভীর ক্ষত রয়েছে।

যে ছাত্র এই আক্রমণ চালিয়েছে, তাকে সঙ্গে সঙ্গে স্কুলের মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয় এবং পরে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পরই স্কুলের পক্ষ থেকে গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রের বাবা জানান, ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়, তবে গলার ক্ষত দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে চরম আতঙ্ক ও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *