হোন্ডার নতুন মডেলে বুঁদ বাইকপ্রেমীরা! ভারতের বাজারে কি ঝড় তুলতে আসছে স্টাইলো ১৬০?

ভারতীয় টু-হুইলার বাজারে শোরগোল ফেলে দিতে খুব শীঘ্রই হাজির হতে চলেছে হোন্ডার নতুন আকর্ষণ। দারুণ ডিজাইন এবং শক্তিশালী ১৬০ সিসি ইঞ্জিন নিয়ে ইন্দোনেশিয়ার বাজারে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছে ‘হন্ডা স্টাইলো ১৬০’ (Honda Stylo 160)। আর এবার এই স্কুটারটি ভারতেও লঞ্চ হতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে।

সাধারণত ভারতে হোন্ডার ১১০ বা ১২৫ সিসির স্কুটারগুলির চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। তবে স্টাইলো ১৬০-এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা মিলবে। এর আকর্ষণীয় লুক এবং দুর্দান্ত পাওয়ার পারফরম্যান্স শহরের রাস্তায় আলাদা নজর কাড়বে।

ডিজাইনে অভিনবত্ব ও নজরকাড়া লুক

অ্যাডভেঞ্চার বাইক থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এই স্টাইলিশ স্কুটারটি। এর গোল এলইডি হেডল্যাম্প, সামনের দিকে ফ্লোয়িং অ্যাপ্রন, কমপ্যাক্ট টেল সেকশন এবং সাইড প্যানেল স্কুটারটির লুককে সম্পূর্ণ আলাদা মাত্রা দিয়েছে। ম্যাক্সি স্কুটারের মতো বিশাল আকৃতির না হলেও রাস্তায় বেরোলে এর ডিজাইন যে কারও নজর কাড়বে। ইন্দোনেশিয়ার বাজারে ২০২৬ মডেলের জন্য ‘গ্ল্যাম গ্রে’ এবং ‘রয়্যাল ভায়োলেট’ নামে দুটি নতুন আকর্ষণীয় রঙের অপশন আনা হয়েছে। পাশাপাশি একটি স্পেশাল বারগান্ডি এবিএস ভার্সনও বাজারে রাখা হয়েছে।

শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স

হোন্ডার এডিভি১৬০ (ADV160) মডেলটির হাত ধরেই ভারতে স্টাইলো ১৬০ আসার পথ প্রশস্ত হচ্ছে। ভারতের বাজারে এই মডেলে ১৫৬.৯ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। এমনকি ই৮৫ পর্যন্ত ফ্লেক্স-ফুয়েল সাপোর্ট করার মতো পাওয়ারট্রেন তৈরির কথাও ভাবছে সংস্থা। ভারতের রাস্তাঘাট, পরিবেশ বিধি এবং জ্বালানির চাহিদা বিচার করলে হোন্ডার কাছে আগে থেকেই এই ইঞ্জিন প্রস্তুত থাকায় স্কুটারটিকে এ দেশে লঞ্চ করা বেশ সুবিধাজনক হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

কিছু খামতি ও চ্যালেঞ্জ

তবে ভারতীয় বাজারে আসার আগে এই স্কুটারটির কয়েকটি সীমাবদ্ধতা নিয়ে ভাবতেই হবে সংস্থাকে। আধুনিক অনেক স্কুটারের তুলনায় এর ১৬.৫ লিটারের আন্ডারসিট স্টোরেজ অনেকটাই কম। পাশাপাশি ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্কটিও বেশ ছোট। এছাড়া এতে ১২ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। ভারতের শহরের ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রাখলে হন্ডাকে এর সাসপেনশন সেটআপে কিছু পরিবর্তন আনতে হতে পারে। যদিও ভারতে এই স্কুটারটি কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও সংস্থার তরফে কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *