Recipe: দোকানের মতো তুলতুলে নরম রসমালাই!, জেনেনিন একদম সহজ পদ্ধতি

যেকোনো ভালো খাবার খাওয়ার পরেই মনটা একটু মিষ্টি খোঁজেই বইকি। আর বাঙালির মিষ্টি রসনা তো বরাবরই অন্য সবার থেকে আলাদা। শুকনো মিষ্টির চেয়ে রসে টইটুম্বুর মিষ্টির প্রতি বাঙালির টান চিরকালই একটু বেশি। আর সেই পছন্দের তালিকার শুরুতেই রসগোল্লার পাশাপাশি উঠে আসে রসমালাইয়ের নাম। দুধের মালাইয়ে ডুবিয়ে রাখা ছোট ছোট তুলতুলে স্পঞ্জ মিষ্টির এই পদটি ছোট-বড় সকলেরই ভীষণ প্রিয়। সাধারণত সবাই দোকান থেকেই রসমালাই কিনে খেয়ে থাকেন, তবে একটু চেষ্টা করলেই খুব সহজে ঘরে তৈরি করা যায় এই সুস্বাদু পদটি। একনজরে দেখে নিন রসমালাই তৈরির সহজ পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ:

  • ছানা তৈরির জন্য: ১ লিটার দুধ এবং ২ টেবিল চামচ লেবুর রস।

  • রসের জন্য: দেড় কাপ চিনি ও এক কাপ জল।

  • মালাই বা রাবড়ি তৈরির জন্য: ১ লিটার দুধ, ১/৪ কাপ চিনি, আধ চা চামচ এলাচ গুঁড়ো এবং ২ টেবিল চামচ জাফরান দুধ।

  • সাজানোর জন্য: পরিমাণমতো পেস্তা ও কাজুবাদাম কুচি।

তৈরির সহজ পদ্ধতি:

১. ছানা প্রস্তুত করা: প্রথমে একটি প্যানে ১ লিটার দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে তাতে লেবুর রস মিশিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না ছানা কেটে জল আলাদা হয়ে যায়। এরপর ছানাটি নামিয়ে একটি পাতলা পরিষ্কার কাপড়ে ঢেলে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন যাতে লেবুর টক ভাব দূর হয়ে যায়।

২. বল তৈরি: কাপড়টি ভালো করে নিংড়ে অতিরিক্ত জল বের করে নিন। এবার ছানাটি একটি থালায় নিয়ে অন্তত ১০ মিনিট ভালো করে মেখে নরম করুন। এরপর ছানা থেকে ছোট ছোট লেচি কেটে গোল বা মিষ্টির আকারে পাকিয়ে একটি প্লেটে রাখুন।

৩. রস তৈরি ও ফোটানো: একটি প্যানে চিনি ও জল একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। সিরা ১০ মিনিট ফোটার পর তৈরি করে রাখা মিষ্টির বলগুলো রসে ছেড়ে দিন। প্যানটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট ফুটিয়ে নিন। এই সময়ের মধ্যে মিষ্টিগুলি ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এরপর রস থেকে মিষ্টিগুলো তুলে হালকা হাতে চেপে ভেতরের অতিরিক্ত রস বা জল বের করে নিন।

৪. মালাই তৈরি ও চূড়ান্ত পর্যায়: অন্য একটি প্যানে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক পরিমাণ করে নিন। দুধের মাথায় সর পড়তে শুরু করলে অনবরত নাড়তে থাকুন। এরপর তাতে চিনি, এলাচ গুঁড়ো ও জাফরান দুধ মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধ বেশ ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা করুন।

৫. পরিবেশন: এবার আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো ঘন রসে বা মালাইয়ে ডুবিয়ে দিন। ব্যস, ঘরেই তৈরি হয়ে গেল দোকানের মতো তুলতুলে নরম রসমালাই। পরিবেশন করার আগে এর উপরে সামান্য পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে দিলেই জমজমাট ডেজার্ট প্রস্তুত!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *