হোয়াটসঅ্যাপ ব্যবহারে বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে মেসেজ পাঠানোর জন্যেও পকেট থেকে গুনতে হবে টাকা

সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, তবে যাঁরা ব্যবসার কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্য আসছে এক বিরাট ধাক্কা। মেটা (Meta) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে (WhatsApp Business Platform) বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এতদিন পর্যন্ত যে সমস্ত সার্ভিস মেসেজ (Service Message) সম্পূর্ণ বিনামূল্যে পাঠানো যেত, এখন থেকে সেগুলির জন্যেও ব্যবসায়ীদের পকেট থেকে টাকা খরচ করতে হবে।
কী বদলাচ্ছে ১ অক্টোবর থেকে?
এতদিন গ্রাহক পরিষেবার ২৪ ঘণ্টার উইন্ডোর (24-hour customer service window) মধ্যে পাঠানো নির্দিষ্ট রিপ্লাই বা উত্তরগুলির জন্য কোনো চার্জ নিত না মেটা। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে সার্ভিস মেসেজ এবং কাস্টমারের রেসপন্স হিসেবে পাঠানো ইউটিলিটি মেসেজ—দুটির ক্ষেত্রেই ফি বা চার্জ কাটা হবে। মেটা জানিয়েছে, বিভিন্ন বাজারের সার্ভিস মেসেজের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই রেট নির্ধারণ করা হয়েছে এবং ভারত-সহ একাধিক দেশে এই নিয়ম কার্যকর হবে।
এর পাশাপাশি, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্টে সঠিক পেমেন্ট মেথড (Payment Method) যুক্ত করার নির্দেশ দিয়েছে মেটা। সংস্থার স্পষ্ট সতর্কবার্তা, কোনো ব্যবসায়ী যদি সলিউশন প্রোভাইডারের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে পেমেন্ট মেথড নথিভুক্ত না করেন, তবে ১ অক্টোবর থেকে তাঁদের সার্ভিস মেসেজ ডেলিভার করা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
সাধারণ ব্যবহারকারীদের ওপর কি কোনো প্রভাব পড়বে?
বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে, নিয়মের এই পরিবর্তন শুধুমাত্র বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। সাধারণ ব্যক্তিগত চ্যাট বা দৈনিক সাধারণ ব্যবহারকারীদের ওপর এর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়বে না। তবে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা যাঁরা এতদিন বিনামূল্যে গ্রাহকদের সঙ্গে চ্যাট বা সার্ভিস মেসেজের সুবিধা পেতেন, তাঁদের ব্যবসায়িক খরচ যে এবার অনেকটাই বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।