বিনা অনুমতিতে ছবি ও ভিডিও ব্যবহার! আমেরিকার এআই সংস্থার বিরুদ্ধে ৭০০০ কোটি টাকার মামলা ঠুকলেন বলিউড নায়িকা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর বাড়বাড়ন্ত নিয়ে বিশ্বজুড়ে যখন নানা মহলে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই এক বিস্ফোরক পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি এআই সংস্থার বিরুদ্ধে সোজা আইনি লড়াইয়ের পথে হাঁটলেন তিনি। বিনা অনুমতিতে তাঁর ছবি, নাম এবং ভিডিও কমার্শিয়াল স্বার্থে ব্যবহারের অভিযোগে একেবারে আকাশছোঁয়া ক্ষতিপূরণ দাবি করেছেন এই অভিনেত্রী।

ঠিক কী অভিযোগ উর্বশীর টিমের?

অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, ওই মার্কিন এআই সংস্থাটি কোনো রকম অনুমতি না নিয়েই উর্বশীর পরিচয় ও ভিজ্যুয়াল কন্টেন্ট যথেচ্ছ ব্যবহার করেছে। এর ফলে ওই সংস্থা কোটি কোটি টাকার মুনাফা অর্জন করলেও আইনি তোয়াক্কা করার প্রয়োজনটুকুও মনে করেনি। সংবাদসংস্থা আইএএনএস-কে (IANS)-কে দেওয়া এক বিবৃতিতে উর্বশীর টিম স্পষ্ট জানিয়ে দিয়েছে, “নিজের এআই সংস্থা বা ব্র্যান্ড আপনারা তৈরি করুন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু ব্যবসায়িক স্বার্থে কোনো অনুমতি ছাড়াই উর্বশীর নাম বা ছবি ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। আমরা আইনি পথে এর পূর্ণ ক্ষতিপূরণ আদায় করব।” সবমিলিয়ে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০০০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিষয়টি নিয়ে সরব হন নায়িকা নিজে।

বলিউডে এআই জুজু ও তার প্রভাব

বর্তমান সময়ে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে কেবল উর্বশী নন, এর আগে সলমন খানের মতো মেগাস্টাররাও চরম উদ্বেগ প্রকাশ করেছেন। ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের মঞ্চে সলমন নিজেই জানিয়েছিলেন কীভাবে তাঁর ভয়েস ও ভিডিও ডাবিং করে বেআইনি কন্টেন্ট ছড়ানো হচ্ছে। তবে কোনো বলিউড তারকার সরাসরি এআই সংস্থার বিরুদ্ধে এত বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনা এই প্রথম। এর ফলে বিনোদন ইন্ডাস্ট্রিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো, যা আগামী দিনে অন্য তারকারদেরও এই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *