জাহির খানের পর সিএসকেতে বড় চমক! পার্পল ক্যাপ জয়ী এই প্রাক্তনী পেলেন বোলিং কোচের বড় দায়িত্ব

দীর্ঘ জল্পনা ও টালবাহানার অবসান ঘটিয়ে দিনকয়েক আগেই কিংবদন্তি পেসার জাহির খানকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর এবার জাহির খানের হাত ধরেই হলুদ ব্রিগেডের কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন ফ্র্যাঞ্চাইজ়িরই এক পুরোনো প্রাক্তনী। সিএসকের প্রধান নির্বাহী (CEO) কাশী বিশ্বনাথন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে, দলের নতুন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে অভিজ্ঞ পেসার মোহিত শর্মাকে।

জাহিরের পছন্দেই বড় দায়িত্ব

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেন, “মোহিত শর্মা নতুন বোলিং কোচ হিসাবে আমাদের দলে যোগ দিচ্ছেন। প্রধান কোচ জাহির খান নিজেই বোলিং কোচ হিসেবে তাঁর নাম প্রস্তাব করেছিলেন। অতীতে প্লেয়ার হিসেবে মোহিত সিএসকের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা আশাবাদী যে কোচিংয়ের ভূমিকাতেও সে সফল হবে।” তিনি আরও জানান, দলের বাকি কোচিং স্টাফও জাহির খানের পরামর্শ ও পছন্দ অনুযায়ীই গঠন করা হবে।

সিএসকে সংযোগ ও মোহিতের কেরিয়ার

আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দুই দফায় মোট চার বছর খেলেছেন ৩৮ বছর বয়সি এই ফাস্ট বোলার। আইপিএলের দীর্ঘ কেরিয়ারে ১২০টি ম্যাচ খেলে ১৩৪টি উইকেট শিকার করেছেন তিনি। একসময় টুর্নামেন্ট থেকে দূরে থাকলেও গুজরাত টাইটান্সের জার্সিতে অবিশ্বাস্য কামব্যাক করে ‘পার্পল ক্যাপ’ জয়সহ নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মোহিত। চেন্নাই, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মতো দলের হয়ে আলো ছড়ানোর পর গত বছরের ডিসেম্বরেই পেশাদার ক্রিকেটকে চিরবিদায় জানান তিনি।

ফ্লেমিং-পরবর্তী নতুন যুগে সিএসকেকে ফের সাফল্যের সরণীতে ফেরাতে জাহির খান ও মোহিত শর্মার এই নতুন জুটি কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় চেন্নাইয়ের কোটি কোটি হলুদ জার্সিধারী সমর্থক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *