ব্যবসার সব কাজ এবার একাই করবে এআই! বড় ঘোষণা করে বাজারে ঝড় তুলল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) দুনিয়ায় এক যুগান্তকারী পদক্ষেপ করল সোশাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta)। ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর ব্যবহার আরও নিখুঁত ও ব্যাপক করতে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো নতুন ব্যবসায়িক বিভাগ—‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ (Meta Enterprise Platform)। মার্ক জুকারবার্গের দাবি, এই নতুন প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে বিভিন্ন ছোট-বড় সংস্থা খুব সহজেই নিজেদের ব্যবসা বহুগুণ বাড়িয়ে নিতে পারবে এবং কাজের পুরো পদ্ধতিতে এক বিশাল পরিবর্তন আসবে।

কী থাকছে এই নতুন প্ল্যাটফর্মে?

মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এক ব্লগ পোস্টে জানিয়েছেন যে, বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহক ও কয়েকশো মিলিয়ন ব্যবসার সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সংযোগ রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্যবসা এবং ডেভেলপারদের জন্য বাজারে আসছে একগুচ্ছ শক্তিশালী এআই প্রযুক্তি ও টুল। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • মিউজ এজেন্ট (Muse Agent)

  • মেটা বিজনেস এজেন্ট (Meta Business Agent)

  • মিউজ এপিআই (Muse API)

  • মিউজ কোড (Muse Code)

এই টুলগুলির সাহায্যে ব্যবসার বৃদ্ধি থেকে শুরু করে প্রতিদিনের বিভিন্ন জটিল অপারেশনাল কাজ অত্যন্ত সহজে এআই-এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

নেতৃত্বে চিরন্তন সি দেশাই

নতুন এই বিভাগটির সামগ্রিক দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ প্রযুক্তিবিদ চিরন্তন সি দেশাইকে (Chirantan CJ Desai)। তাঁকে ‘চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার’ হিসেবে নিয়োগ করেছে মেটা এবং তিনি সরাসরি মার্ক জুকারবার্গকে রিপোর্ট করবেন। অতীতে ক্লাউডফ্লেয়ার, সার্ভিসনাউ এবং সর্বশেষ ‘মঙ্গোডিবি’র (MongoDB)-র সিইও ও প্রেসিডেন্ট হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষজ্ঞদের মতে, উন্নত এআই মডেল এবং লক্ষাধিক বিজ্ঞাপনদাতাদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা একসঙ্গে মিশে যাওয়ায় আগামী দিনে কর্পোরেট জগতের মানচিত্রটাই পুরোপুরি বদলে দিতে চলেছে মেটার এই নতুন উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *