শ্রীলেখা কি BJP যোগের পথে? বিজেপির রোষানল থেকে গেরুয়া নেত্রীর সঙ্গে হাসি মুখে ছবি!

রাজনীতির ময়দানে বামপন্থী মুখ হিসেবেই তাঁর পরিচিতি সর্বজনবিদিত। অথচ সেই শ্রীলেখা মিত্রকেই এবার দেখা গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে একেবারে হাসিমুখে ফ্রেমে বন্দি হতে। প্রধানমন্ত্রীর একটি আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এবং গেরুয়া শিবিরের তরফ থেকে একাধিক থানায় অভিযোগ দায়ের হওয়ার রেশ কাটতে না কাটতেই এই ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা— তবে কি এবার সত্যি সত্যিই দল বদল করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী?
যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, জলের মতো পরিষ্কার এই সমীকরণকে অন্য খাতে বইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিছুদিন আগেই রবীন্দ্র সরোবরে সারমেয় প্রবেশাধিকার নিষিদ্ধ করা নিয়ে অগ্নিমিত্রা পালের তীব্র সমালোচনা করেছিলেন শ্রীলেখা। কিন্তু সোমবার ছবিটির প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। রাজ্য সরকারের তরফ থেকে পথপশু ও অ্যানিমাল লাভারদের নিয়ে একটি বিশেষ উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই সভাতেই পশুপ্রেমী হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রার সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে শ্রীলেখা নিজেই সমস্ত জল্পনার জল ঢেলে দিয়েছেন। ক্যাপশনে তিনি স্পষ্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গের সমস্ত পশুপ্রেমীদের জন্য খুব শীঘ্রই একটি দারুণ খবর আসতে চলেছে। নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে এই সংক্রান্ত বৈঠকেই তাঁরা উপস্থিত ছিলেন। অভিনেত্রীর সাফ কথা, তাঁদের এই হাসিমুখই বুঝিয়ে দিচ্ছে যে রাজ্যর অবলা প্রাণীদের কল্যাণে খুব ভালো কিছু ঘটতে চলেছে। রাজনীতির সঙ্গে এর দূরতম কোনো সম্পর্ক নেই এবং বাম শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।