তৃণমূলের নাম-প্রতীক কার হাতে? সুপ্রিম কোর্টের ৪ মাসের ডেডলাইনেই কি বড় বিপাকে মমতা?

বিধানসভা নির্বাচনের পর থেকেই জোড়াফুল প্রতীক ও দলের নাম কার দখলে থাকবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। এর মাঝেই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্য বড় ধাক্কা নেমে এল। উপনির্বাচনের পর আসন্ন পুরভোটেও ইভিএম-এ জোড়াফুল প্রতীক দেখা যাওয়ার সম্ভাবনা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ নির্দেশ দিয়েছে, তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূল পাবে, আগামী চার মাসের মধ্যে সেই আইনি লড়াইয়ের স্থায়ী নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, দুই পক্ষকেই নিজেদের যাবতীয় আইনি নথি ও বক্তব্য জমা দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এরপর সমস্ত তথ্য খতিয়ে দেখে পরবর্তী তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।

আইনি লড়াইয়ে মমতা শিবিরের আইনজীবীরা এর আগে আর্জি জানিয়েছিলেন, যাতে অক্টোবর মাসের মধ্যেই এই প্রতীক ও নাম বিতর্কের সুরাহা করে দেয় কমিশন। কারণ, আসন্ন পুরভোটে জোড়াফুল প্রতীক হাতে নিয়েই ময়দানে নামতে চেয়েছিল কালীঘাট শিবির। কিন্তু সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া চার মাসের সময়সীমার জেরে সেই সম্ভাবনা বর্তমানে প্রায় ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল। ফলে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *