‘কয়েকজন হাউস গার্ড ছাড়া আজ তিনি একা!’ বারবার হামলার আশঙ্কায় কেন আদালত ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সরকারি বাসভবন ‘শান্তিনিকেতন’-এর সামনে থেকে অবশেষে সরিয়ে নেওয়া হলো পুলিশ কিয়স্ক। কড়া নিরাপত্তার চাদর, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং স্ক্যানারসহ সমস্ত সুরক্ষাবলয় তুলে নেওয়ার পর এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবারই আদালতের কাছে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।

আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু নির্বাচনের পরেই তাঁর সেই নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। এর আগেও তিনি একাধিকবার আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর কাছে কার্যত কোনো নিরাপত্তাই নেই, মাত্র কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর দ্রুত শুনানি হওয়া প্রয়োজন।”

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র বা রাজ্য—রাজনীতির পট পরিবর্তনের পর থেকেই ধাপে ধাপে কমানো হয়েছে অভিষেকের নিরাপত্তা। গত মে মাসেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর অতিরিক্ত সমস্ত নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়। জেড প্লাস ক্যাটাগরি তুলে দিয়ে সাধারণ সাংসদদের যে মানের নিরাপত্তা দেওয়া হয়, সেটুকুই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর সাম্প্রতিক সময়ে তাঁর বাড়ির সামনে থাকা স্থায়ী পুলিশ কিয়স্কটিও উধাও হয়ে যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রকাশ্য জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক। সেখানে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পরেই তাঁর নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আগামী দিনে ফের বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই কি এবার তড়িঘড়ি আদালতের শরণাপন্ন হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? এখন সেদিকেই তাকিয়ে সমস্ত রাজনৈতিক মহল।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *