‘সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনা উপহার!’ নবজাতকদের জন্য বিরাট প্রকল্পের সূচনা করলেন থালাপথি বিজয়

তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য এক আকর্ষণীয় ও জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। ‘থাইমামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ নামের এই অভিনব প্রকল্পের অধীনে সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী প্রতিটি যোগ্য নবজাতককে ১ গ্রাম ওজনের ২২-ক্যারেট সোনার আংটি উপহার দেওয়া হবে। বিশেষ ফ্লাইটে মাদুরাই পৌঁছে সরকারি রাজাজি হাসপাতালে (GRH) এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি অডিটোরিয়ামে ২৫ জন নবজাতককে সোনার আংটি তুলে দেওয়ার পাশাপাশি প্রসূতি ওয়ার্ডে গিয়ে ব্যক্তিগতভাবেও শিশুদের আংটি পরিয়ে দেবেন।
প্রকল্পের বাজেট ও নিয়মাবলী: জনসাধারণের মধ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর আস্থা বাড়ানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার লক্ষ্যেই এই মেগা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ১.২৮ লক্ষ সোনার আংটি তৈরি করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি আংটিতে ইউনিক ক্রমিক নম্বর থাকবে এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এগুলি টেম্পার-প্রুফ প্যাকেজিংয়ে বিতরণ করা হবে। বিতরণের ওপর নজরদারি চালাতে প্রতিটি জেলায় জেলা কালেক্টরের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জয়ালুক্কাস এবং কল্যাণ জুয়েলার্সকে এই সোনার আংটি সরবরাহের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।
কারা পাবেন এই সোনার আংটি? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:
-
নবজাতকের মা-কে অবশ্যই তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে।
-
সুবিধাভোগীদের প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট কোহর্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (PICME) সিস্টেমের অধীনে নিবন্ধিত হতে হবে এবং একটি রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ (RCH) আইডি থাকতে হবে।
-
হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় নির্ধারিত নিয়ম মেনে এই সোনার আংটি সংগ্রহ করা যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় ৭ লক্ষ ৮০ হাজার শিশুর জন্ম হয়, যার ৫৩ শতাংশই প্রসব হয় সরকারি হাসপাতালে। সরকারের এই নতুন জনমুখী প্রকল্প চিকিৎসা ক্ষেত্রে এক বিরাট ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।