“শাসক হিসেবে কাজ করা অনেক কঠিন!” নতুন বিধায়কদের ক্লাস নিয়ে একগুচ্ছ কড়া বার্তা দিলেন নিতিন নবীন!

বিপুল জনমত নিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পর দলের বিধায়করা অনেকেই নতুন এবং অনভিজ্ঞ— এই বাস্তবতাকে সামনে রেখেই এবার কড়া অবস্থান নিল কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার কলকাতায় এসে দলের বিধায়ক এবং সাংসদদের আচরণ, শৃঙ্খলা ও জনসংযোগ নিয়ে স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সভাপতি নিতিন নবীন। বিশেষ করে আসন্ন পুরভোটে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বিধায়কদের সুপারিশ সংস্কৃতি যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা এদিনের বৈঠকে সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি।

দলীয় সূত্রে খবর, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই পুরভোটের টিকিট প্রত্যাশীদের ভিড় ও সুপারিশের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই বিধায়কদের উদ্দেশে নিতিন নবীন স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, কলকাতা পৌরসভা নির্বাচনে দল যাঁদের একমাত্র যোগ্য বলে মনে করবে, শুধুমাত্র তাঁরাই টিকিট পাবেন। যদি কেউ বিধায়কদের কাছে এসে টিকিট পাওয়ার দাবি নিয়ে আসেন, তবে তাঁদের সঙ্গে কোনো বিতর্কে না জড়িয়ে কেবল সংগঠনের হয়ে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে। দলের সিদ্ধান্তই যে এক্ষেত্রে শেষ কথা, তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে।

বিধায়কদের আচরণ ও জনসংযোগ নিয়ে কড়া বার্তা

বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ মানুষের মন জয় করা— এদিনের বৈঠকে এই কথাটি বিশেষভাবে মনে করিয়ে দেন বিজেপি সভাপতি। রাজ্যে দল ক্ষমতায় আসার পর কিছু ক্ষেত্রে নবনির্বাচিত বিধায়কদের কাজকর্ম ও আচরণ নিয়ে যে দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে, সেদিকেও ইঙ্গিত করেছেন তিনি।

জনসংযোগ বৃদ্ধির ওপর জোর দিয়ে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন নিতিন নবীন। দলীয় শৃঙ্খলা এবং নীতির বাইরে গিয়ে এককভাবে কোনো প্রভাব খাটানোর চেষ্টা না করে, সম্মিলিতভাবে সংগঠনকে শক্তিশালী করার ওপরই এদিনের বৈঠকে সর্বাধিক জোর দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *