অন্ধকারে মুখার্জি পরিবার! ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রানি ও কাজলের মাসিমণি

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন রানি ও রাজা মুখোপাধ্যায়ের মা তথা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রাম মুখোপাধ্যায়ের স্ত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যশরাজ ফিল্মসের তরফে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাঁর প্রয়াণের খবর জানানো হয়েছে। হঠাৎ এই মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা দেবী। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পরিবারের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে আনা হয়নি। ব্যক্তিগত এই শোকের মুহূর্তে সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণা মুখোপাধ্যায়ের চলচ্চিত্র জগতের সঙ্গে গভীর যোগ ছিল। তিনি ফিল্মালয় স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত পরিচালক রাম মুখোপাধ্যায়ের স্ত্রী হওয়ার পাশাপাশি বাংলা সিনেমার জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। একজন প্লেব্যাক গায়িকা হিসেবে ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ ছবিতে গান গেয়েছিলেন তিনি। ষাটের দশকে কলকাতায় তিনি একজন জনপ্রিয় ফাংশান আর্টিস্ট হিসেবেও বেশ পরিচিত ছিলেন। শুধু তাই নয়, জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের মেজদিদি এবং বলিউড ডিভা কাজল ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাকিমা ছিলেন তিনি। নানা সামাজিক ও চলচ্চিত্র উৎসবে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত দেখা যেত তাঁকে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হলো।