এবার কি ইউপিআই পেমেন্টেও লাগবে কর? সরকারি সূত্রের এই চাঞ্চল্যকর তথ্যে বাড়ল উদ্বেগ

ইউপিআই লেনদেনে আরও খরচ! এমডিআর-এর উপর বসতে পারে ১৮ শতাংশ জিএসটি, দাবি সরকারি সূত্রের
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালু হতে চলেছে। আর সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো, সেই এমডিআর-এর ওপর আবার ১৮ শতাংশ হারে জিএসটি প্রযোজ্য হতে পারে বলে খবর। সরকারি সূত্রের বরাত দিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
কীভাবে হিসাব হবে এই চার্জ?
প্রতিবেদন অনুযায়ী, কোনো সাধারণ মানুষ যদি ইউপিআই-এর মাধ্যমে একলপ্তে দু’হাজার টাকার বেশি কোনো ব্যবসায়ীকে পেমেন্ট করেন (পার্সন টু মার্চেন্ট বা পি২এম), তবে নির্দিষ্ট ক্ষেত্রে এই ০.৪ শতাংশ এমডিআর প্রযোজ্য হবে। এর সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৩০০ টাকা। অন্যদিকে রেল, টেলিকম, বিমা ও জ্বালানির মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দু’হাজার টাকার বেশির লেনদেনে পাঁচ টাকা এমডিআর ধার্য করা হতে পারে।
তবে জিএসটির পরিমাণ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা পরিষ্কার করে সরকারি সূত্রে জানানো হয়েছে যে পুরো টাকার ওপর ১৮ শতাংশ জিএসটি বসবে না। যেমন—১০ হাজার টাকার ক্ষেত্রে ০.৪ শতাংশ অনুযায়ী এমডিআর হবে ৪০ টাকা। সেই ৪০ টাকার ওপর ১৮ শতাংশ জিএসটি অর্থাৎ মাত্র ৭.২০ টাকা দিতে হবে। ফলে মোট চার্জ দাঁড়াবে ৪৭.২০ টাকা। এছাড়া দু’হাজার টাকার কম পেমেন্ট এবং ব্যক্তি থেকে ব্যক্তির (P2P) লেনদেন এই এমডিআর কাঠামোর বাইরে থাকছে।
কাদের ওপর পড়বে এই প্রভাব?
এমডিআর মূলত ব্যবসায়ীদের প্রসেসিং ফি হলেও, সরকার স্পষ্ট জানিয়েছে যে ব্যবসায়ীরা যাতে এই অতিরিক্ত চার্জ সরাসরি গ্রাহকদের কাছ থেকে জোর করে আদায় না করেন, তার ওপর কড়া নজরদারি চালানো হবে। দীর্ঘদিন ধরে ইউপিআই লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে হলেও, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির জন্য রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে এই ব্যবস্থার জেরে সরকারের কোষাগারে বছরে প্রায় দু’হাজার কোটি বা তার বেশি জিএসটি রাজস্ব আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।