বিহার থেকে সোজা উত্তরবঙ্গের জ্যান্ত রয়্যাল বেঙ্গল! বক্সায় বাঘ ফেরানোর মেগা প্রজেক্টে বিরাট আপডেট

বক্সা টাইগার রিজার্ভে ফের বাঘের স্থায়ী বসতি গড়ে তুলতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বনদফতর। আগামী ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন প্রথম দফায় একটি বাঘিনীকে বক্সার জঙ্গলে উন্মুক্ত করা হবে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে খোদ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গের জঙ্গল থেকে বাঘ বিলুপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী বাঘের দেখা মিলছিল না। যদিও মাঝে মধ্যে অসম ও ভুটান সীমান্ত থেকে পুরুষ বাঘের যাতায়াতের প্রমাণ মিলেছিল। এবার সেই খরা কাটাতে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনীকে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। বক্সা, সুন্দরবন এবং দেরাদুনের ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’-র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশেষ দল এই পুরো প্রক্রিয়ার তদারকি করছে।

বনদফতর সূত্রে জানা গেছে, বিশেষ খাঁচা ও অ্যাম্বুল্যান্সে করে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে বাঘিনীকে বক্সায় নিয়ে আসা হবে। জঙ্গল আসার পর প্রথমে তাকে একটি বিশেষ এনক্লোজারে রেখে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণ ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই তাকে মূল জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে তার গতিবিধি ট্র্যাক করতে গলায় পরানো হবে বিশেষ রেডিও কলার। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA-এর প্রোটোকল মেনেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশা, এই বাঘিনী আসার পর প্রজননের মাধ্যমে আগামী দিনে বক্সায় বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *