গণপতি বিসর্জনের দিনেই ভয়াবহ দুর্ঘটনা! ভারসাম্য হারিয়ে বিশালাকার মূর্তির তলায় পিষ্ট হয়ে মৃত ৬

উৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে। গণেশ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার পাতানচেরু শহরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হ্রদের গভীর জলে গণপতি বিসর্জন দেওয়ার সময় বিশালাকার মূর্তির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ জন পড়ুয়ার। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পাতানচেরুর একটি শীর্ষ তীর্থ আশ্রমের ৮ জন পড়ুয়া একটি হ্রদে গণপতি বিসর্জন দিতে গিয়েছিলেন। বাকিদের নিষেধ সত্ত্বেও তাঁরা গভীর জলে নেমে মূর্তিটি বিসর্জন দেওয়ার চেষ্টা করেন। সেই সময় হঠাৎই ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং বিশাল প্রতিমাটি তাঁদের ওপর আছড়ে পড়ে। মূর্তির নিচে চাপা পড়ে যাওয়ায় ৬ জন পড়ুয়া বেরিয়ে আসতে পারেননি।

ঘটনায় বশিষ্ট এবং অখিল নামের দুই পড়ুয়া সাঁতরে কূলে উঠতে পারায় প্রাণে বেঁচে যান। স্থানীয়রা দ্রুত বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়াদের সকলের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের মরশুমের শুরুতেই এই ধরনের প্রাণহানি ফের একবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *