১৭ না ১৮ সেপ্টেম্বর—কবে বিশ্বকর্মা পুজো? ছুটির বিভ্রান্তি কাটাতে জেনে নিন সঠিক দিন ও পুজোর আসল সময়

৩৩ কোটি দেব-দেবীর অন্যতম হলেন দেবশিল্পী বিশ্বকর্মা, যাকে হিন্দুধর্মে প্রথম ইঞ্জিনিয়ার হিসেবেও গণ্য করা হয়। সাধারণত প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলেও, এ বছর রাজ্য সরকারের ছুটির তালিকা ঘিরে এবং ক্যালেন্ডারের হিসাবে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আসলে পুজো কবে হবে।
কবে এবং কেন এই বদল?
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ অর্থাৎ আগামী ১৮ সেপ্টেম্বর পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। সাধারণত হিন্দুধর্মের বেশিরভাগ পুজো চন্দ্রের গতির ওপর নির্ভর করলেও বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে তা হয় না। এটি ভাদ্র সংক্রান্তি বা কন্যা সংক্রান্তিতে পালিত হয়। সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ১৭ সেপ্টেম্বর হলেও, বাংলা ক্যালেন্ডারের মাসগুলির দিনসংখ্যার তারতম্যের কারণে মাঝেমধ্যে এই তিথি এক দিন এগিয়ে বা পিছিয়ে যায়। আর ঠিক সেই কারণেই এ বছর বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে ১৮ সেপ্টেম্বর পড়েছে।
পুজোর শুভ মুহূর্ত ও লগ্ন
এবারের বিশ্বকর্মা পুজোয় একাধিক শুভ যোগ ও লগ্ন রয়েছে:
-
অমৃতযোগ: সকাল ৭টা ৩ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে, পুনরায় ৭টা ৫২ মিনিট ৮ সেকেন্ড থেকে ১০টা ১৮ মিনিটের মধ্যে।
-
দুপুরের লগ্ন: দুপুর ১২টা ৪৩ মিনিট ৬ সেকেন্ড থেকে ২টো ২১ মিনিট ৬ সেকেন্ডের মধ্যে, কিংবা ৩টে ৫৯ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৫টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে।
-
সন্ধ্যার লগ্ন: সন্ধ্যা ৭টা ১০ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৮টা ৪৭ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে।
-
মাহেন্দ্রযোগ: রাত ১০টা ২২ মিনিট ৫২ সেকেন্ড থেকে ১১টা ৫ মিনিট ১৪ সেকেন্ডের মধ্যে, এবং পুনরায় রাত ৩টে ৫১ মিনিট ৩০ সেকেন্ড থেকে ভোর ৫টা ২৬ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত।
পৌরাণিক মতে, ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নেওয়া বিশ্বকর্মা পুরীর জগন্নাথ মূর্তি, শিবের ত্রিশূল, বিষ্ণুর চক্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী পর্যন্ত নির্মাণ করেছিলেন। তাঁর হাতে থাকে জ্ঞান ও কর্মের প্রতীক দাঁড়িপাল্লা এবং শিল্পনির্মাণের প্রতীক হাতুড়ি, আর বাহন হলো হাতি। সমস্ত বিভ্রান্তি কাটিয়ে সঠিক নিয়ম ও শুভ মুহূর্তে তাই এবার ভক্তিভরে বরণ করে নেওয়া হবে দেবশিল্পীকে।