খেলা ঘোরাতে এসেই বড় চমক জীতু কামালের! তীব্র শত্রু রাজবীরকেই নমিনেশন থেকে বাঁচিয়ে দিলেন অভিনেতা

‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরে এখন টানটান উত্তেজনা ও চরম রাজনৈতিক সমীকরণ। নিয়মভঙ্গের অপরাধে একপ্রকার খড়্গহস্ত হয়ে বিগ বস পুরো বাড়িকেই শাস্তির মুখে ফেললেও, ঠিক সেই মুহূর্তেই দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে প্রবেশ করে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিলেন জনপ্রিয় অভিনেতা জীতু কামাল। ঘরে পা রেখেই তাঁর হাতে এল এক বিশেষ ক্ষমতা, আর তার জোরেই তিনি এমন এক চাল চাললেন যা দেখে চোখ কপালে উঠেছে বাকি প্রতিযোগীদের।
নিয়ম ভাঙার শাস্তি ও জীতুর এন্ট্রি
উইকেন্ডের পর্বে প্রতিযোগীদের ওপর বেজায় ক্ষুব্ধ হন স্বয়ং বিগ বস। মাইক না পরা, ফিসফিস করে কথা বলা, রান্নাঘর ও বাথরুম অপরিষ্কার রাখা কিংবা অনবরত হিন্দি-ইংরেজি ভাষায় কথা বলার মতো বারবার নিয়ম লঙ্ঘনের কারণে ক্যাপ্টেন সোহিনী পাল এবং একেবারে নতুন সদস্য জীতু কমল ছাড়া ঘরের বাকি সকলকেই নমিনেট করে দেন বিগ বস।
রাজবীরকে বাঁচিয়ে মাস্টারস্ট্রোক জীতুর
গোটা বাড়ির সামনে বিগ বস জীতুকে বিশেষ ক্ষমতা দেন যে, তিনি এই নমিনেটেড সদস্যদের মধ্যে থেকে যেকোনো একজনকে সরাসরি সেফ করতে পারবেন। অনেকেই ভেবেছিলেন মনামী ঘোষ বা ভরত কলের মতো প্রবীণ বা পরিচিত কাউকে তিনি বেছে নেবেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জীতু সোজা বাঁচিয়ে দেন রাজবীর দে-কে!
এর নেপথ্যে অবশ্য একটি দারুণ প্রেক্ষাপট রয়েছে। এর আগে জীতু ঘরে ঢোকার পরেই রাজবীরের সঙ্গে তাঁর তুমুল গোলমাল বেধেছিল। এমনকি রাজবীরের দুর্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন জীতু ও নন্দিনী দত্তরা। কিন্তু সেই তিক্ততা ভুলে জীতু বিগ বসকে জানান, রাজবীর ভুল করলেও তিনি তাঁকে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে চান। শত্রুতা ভুলে জীতুর এই সিদ্ধান্ত পুরো ঘরের সমীকরণ বদলে দেয়।
হাড্ডাহাড্ডি লড়াই ও চূড়ান্ত নমিনেশন তালিকা
রাজবীরকে বাঁচানোর পর এখানেই শেষ নয়, বিগ বস প্রতিযোগীদের জোড়ায় জোড়ায় ভাগ করে দেন। নির্দেশ দেওয়া হয়, জীতুর তত্ত্বাবধানে নিজেদের মধ্যে আলোচনা করেই ঠিক করতে হবে জোড়ার মধ্যে কে নমিনেশনে থাকবেন। এই হাড্ডাহাড্ডি আলোচনার পর চলতি সপ্তাহে চূড়ান্ত নমিনেশনের তালিকায় নাম উঠেছে সায়ক চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাস, মনামী ঘোষ, দুর্নিবার সাহা এবং নিরঞ্জন মণ্ডলের। ওয়াইল্ড কার্ড এন্ট্রির হাত ধরে ঘরের অন্দরে এই ক্ষমতার খেলা আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।