এপার বাংলায় ইলিশ আসার বদলে ওপার বাংলায় যাচ্ছে টন টন মাছ! উলটপুরাণ দেখে মাথায় হাত বাঙালির

পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। এই সময় এপার বাংলার মানুষের পাতে পদ্মার ইলিশ (Hilsa) উঠবে কি না, তা নিয়ে উৎকণ্ঠার শেষ থাকে না। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি বছর এই মরশুমে ওপার বাংলা থেকেই ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে এপার বাংলায়। কিন্তু এবার ঘটে গেছে এক্কেবারে উলটপুরাণ! খাস এপার বাংলার ইলিশ তো দূরের কথা, উল্টে ভারত থেকেই টন টন ইলিশ চলে যাচ্ছে বাংলাদেশে। আর সেই ইলিশ বাংলার নদী বা কোলঘাট নয়, সুদূর গুজরাট থেকে আমদানিকৃত!
ভারত থেকে ইলিশ আমদানি বাংলাদেশের
ইতিহাসে এই প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি করার পথে হাঁটল বাংলাদেশ। সাধারণত ওপার বাংলার বিখ্যাত পদ্মার ইলিশের জন্যই মুখিয়ে থাকেন এপার বাংলার ভোজনরসিকরা। কিন্তু এবছর বাংলাদেশে ইলিশের উৎপাদন যথেষ্ট কম হওয়ায় দেখা দিয়েছে তীব্র আকাল। আর সেই ঘাটতি মেটাতেই ভারতের শরণাপন্ন হতে হয়েছে তাদের। গত দুই মাসের ব্যবধানে সুদূর গুজরাট থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশে। হাওড়া পাইকারি বাজারের কর্তারা জানাচ্ছেন, অতীতে বাংলাদেশ এদেশ থেকে বোয়াল, রুই, ট্যাংরা কিংবা পার্ষের মতো মাছ নিলেও এই প্রথমবার এদেশ থেকে ইলিশ আমদানি করা হলো।
গঙ্গা ছেড়ে কেন গুজরাটি ইলিশের এত চাহিদা?
প্রশ্ন উঠতেই পারে, বাংলার নদী বা কোলাঘাট ছেড়ে হঠাৎ কেন গুজরাটের ইলিশের ওপর ভরসা রাখছে বাংলাদেশ? বিশেষজ্ঞদের মতে, গুজরাটের সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে ডিমভরা ইলিশ পাওয়া যায়। যদিও ডিমভরা এই ইলিশের স্বাদ কিছুটা কম হয়, তবুও ওপার বাংলার চট্টগ্রাম ও সিলেটে এই বিশেষ ধরনের ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। আর সেই কারণেই বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতের পশ্চিমের এই রাজ্যটিকেই বেছে নিয়েছে।
পুজোর মুখে বাংলার পাতে কি মিলবে ইলিশ?
বাংলাদেশ থেকে ইলিশ আসা বন্ধ হয়ে যাওয়ায় এবং উল্টো এদেশ থেকে মাছ রফতানি হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে—তবে কি এবার পুজোর মরশুমে এপার বাংলার মানুষের পাতে পদ্মার ইলিশ আদৌ জোুটবে না? বাঙালি মানেই দুর্গাপূজোয় ইলিশের নানা পদ—কর্তা থেকে গিন্নি, সকলেরই নজর থাকে সেদিকে। তবে বর্তমান পরিস্থিতির জেরে পুজোর বাজারে ইলিশের জোগান ও দাম কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।