‘অভদ্র-অমানবিক হতে হবে!’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে রূপালি ভট্টাচার্যের বিস্ফোরক আক্রমণ!

গত দুই সপ্তাহ ধরে স্টার জলসার পর্দায় জমজমাটভাবে শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস বাংলা’। গোটা পশ্চিমবঙ্গের নজর এখন এই রিয়েলিটি শোয়ের ঘরের অন্দরমহলের দিকে। ইতিমধ্যেই এই শো থেকে বাদ পড়েছেন অনিন্দ্য, প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে প্রবেশ করেছেন রাজবীর, এবং শীঘ্রই দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে দেখা যাবে অভিনেতা জীতু কমলকে। তবে খেলা যতই এগোচ্ছে, ততই বিতর্ক ও সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায়।

সৌরভের সঞ্চালনা ও রাজবীরকে নিয়ে রূপালির তোপ

এর আগে অভিনেত্রী রূপালি ভট্টাচার্য প্রতিযোগী নিরঞ্জনের গেমপ্ল্যান ও কন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় যিনি সবসময় প্রাণবন্ত হিসেবে পরিচিত, তিনি কেন বিগ বসের ঘরে গিয়ে নিজেকে এমনভাবে হারিয়ে ফেললেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন নায়িকা। এমনকী নিরঞ্জনের কনটেন্ট তাঁর নিজের লেখা নয় বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার তিনি সরাসরি নিশানা করলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

নাম না করেই সৌরভের সঞ্চালনাকে তীব্র কটাক্ষ করে রূপালি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বিগ বস বাংলার সঞ্চালক গতকাল বুঝিয়ে দিয়েছেন, বিগ বসে থাকতে গেলে কতটা অভদ্র, অমানবিক এবং অসভ্য হতে হবে। যারা মানবিক এবং সহানুভূতিশীল, তাদের তিনি অনীকাচ্ছিল্য করলেন এবং অভদ্র অজ্ঞাতকুলশীল ছেলেটা—যে কিনা গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে—তার জয়ধ্বনি করলেন তিনি।”

অভিনেত্রীর আরও সংযোজন, বাঙালি পরনিন্দা-পরচর্চা করবে, অন্যের খিল্লি করবে আর সবাই মিলে গান-বাজনা করবে—বাঙালি মানেই তো সেটাই, সে বিগ বসের ঘরেই হোক বা মরুভূমিতে। কিন্তু বাঙালিকে যদি নিজেদের শিক্ষারুচি এবং ডিগনিটি বিসর্জন দিয়ে সঞ্চালকের কথামতো রাজবীরের মতো কাউকে গুরু বানাতে হয়, তবে সেখানে থাকা প্রতিটি প্রতিযোগীর প্রতি তাঁর পূর্ণ সমবেদনা রয়েছে।

উল্লেখ্য, গতকাল ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন প্রতিযোগী রাজবীরের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন প্রতিবাদ জানান প্রবীণ অভিনেতা ভরত কল। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজবীরকে দেখে যদি সকলকে ব্যবহার শিখতে হয়, তবে তিনি বিগ বসের ঘরে এক মুহূর্তও থাকতে চান না। ভরতের এই সাহসিকতাকে সমর্থন জানিয়েছেন বহু দর্শক, কারণ রাজবীরের আক্রমণাত্মক ও অভদ্র আচরণ নিয়ে ঘরের অন্দর থেকে নেটপাড়া—সর্বত্রই অসন্তোষ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *