‘বাকি সবাই কি ভার্জিন?’ মেয়ের বিদেশি প্রেমিক ও বিয়ে নিয়ে ট্রোলারদের তুলোধনা করে বিস্ফোরক স্বস্তিকা!

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই বরাবর স্পষ্টবাদিতা আর নিজের শর্তে বাঁচার এক অনন্য গল্প। ব্যক্তিগত জীবন হোক কিংবা একমাত্র মেয়ে অন্বেষার ভবিষ্যৎ—ট্রোলারের মুখোমুখি হলে বা নীতিপুলিশদের আক্রমণ সামলাতে তিনি কখনই পিছপা হন না। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটি পডকাস্ট শো-তে অতিথি হিসেবে হাজির হয়ে মেয়ের প্রেম, বিয়ে এবং তাঁকে ঘিরে নেটপাড়ার কুরুচিপূর্ণ চর্চা নিয়ে একবারে চাঁচাছোলা ভাষায় নিজের মতামত জানালেন স্বস্তিকা।

মেয়ের বিদেশি প্রেমিক ও বিয়ে নিয়ে খোলামেলা বার্তা

সোশ্যাল মিডিয়ায় মেয়ের বিদেশি প্রেমিকের সঙ্গে ছবি বা সম্পর্ক নিয়ে নেটপাড়ায় চর্চা শুরু হলেই একদল নেটিজেন যেভাবে নীতিপুলিশের ভূমিকায় নামেন, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। শ্রাবন্তীর পডকাস্টে কথা বলতে গিয়ে ট্রোলারদের উদ্দেশে তীব্র তোপ দাগেন স্বস্তিকা। তিনি জানান, লন্ডনে চাকরিরতা মেয়ের তীব্র ইচ্ছে, তাঁর মা কেরিয়ারের পাঠ চুকিয়ে আজীবনের ভিসা নিয়ে ওই দেশেই তাঁর কাছে থাকুন। ওদিকে মেয়ের প্রেম নিয়ে কোনো রাখঢাক না রেখেই স্বস্তিকা জানান, তাঁর ‘মানি’ যে বিদেশে আর একা নেই, সেটাই তাঁর কাছে বড় স্বস্তির বিষয়।

অভিনেত্রীর মুখেই শোনা যায়, “এখন ওর সঙ্গে ওর পার্টনার আছে।” শুধু তাই নয়, অন্বেষা ও তাঁর ব্রিটিশ প্রেমিক যে বিবাহ নামক প্রতিষ্ঠানের ওপর পূর্ণ আস্থা রাখেন, তাও স্পষ্ট করে দেন তিনি। স্বস্তিকার কথায়, ছেলেটি (ডান) একদম অন্যধাঁচের। ওরা ভবিষ্যতে বিয়ে করতে চায়, বাচ্চা চায় এবং তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও হয়। তবে অন্বেষা আগে নিজের পিএইচডি (PhD) সম্পন্ন করতে চায়।

ট্রোলারদের কড়া ভাষায় আক্রমণ

নিজের দাম্পত্য জীবন সুখের না হলেও, বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রতি তাঁর বা মেয়ের কোনো বিতৃষ্ণা নেই বলে স্পষ্ট জানান অভিনেত্রী। পাশাপাশি, মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোর্টালে চলা অহেতুক বাড়াবাড়িতে যে তিনি চরম বিরক্ত, তাও লুকোননি। ক্ষোভ উগরে দিয়ে স্বস্তিকা বলেন, “স্বস্তিকার মেয়ে প্রেম করছে, সেটাই হাইলাইট! মনে হয় যেন ও আর জীবনে কিচ্ছু করছে না—পড়ালেখা করছে না, চাকরি করছে না, কিচ্ছু না। আর বাকি সবাই যারা ইউকে-তে থাকে, তারা সবাই কি ভার্জিন? নাকি বাকিরা সবাই অ্যারেঞ্জ ম্যারেজ করছে?”

মেয়ের বিয়ে বা সম্পর্ক নিয়ে সমাজের এই অনাহূত নাক গলানোকে এক চুলও রেয়াত করেননি তিনি। পডকাস্টে শ্রাবন্তীর সঙ্গে আড্ডায় স্বস্তিকা অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মেয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। সে কার সঙ্গে থাকবে, কবে বিয়ে করবে—সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অন্বেষার নিজের। একজন মা হিসেবে তিনি সবসময় মেয়ের পাশেই আছেন। নেটপাড়ার এই চটুল মন্তব্য বা ভণ্ড সামাজিক নীতিকে তিনি বিন্দুমাত্র পাত্তা দেন না। পডকাস্টের এই বিশেষ অংশটি সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছেন স্বস্তিকা। বরাবরের মতো তাঁর এই বোল্ড ও সোজা দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *