Zomato-য় ক্যাশ অন ডেলিভারি করলেই চার্জ, জেনেনিন বাড়তি কত টাকা দিতে হবে?

জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো থেকে খাবার অর্ডার করার সময় আপনিও কি ক্যাশ অন ডেলিভারি বা সিওডি (COD) বেছে নেন? যদি তা করেন, তবে অর্ডার কনফার্ম করার আগে এবার থেকে বিলটি খুব ভালো করে দেখে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ সম্প্রতি বেশ কিছু গ্রাহকের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অর্ডারের সঙ্গে আলাদা করে ‘পে অন ডেলিভারি ফি’ (Pay on Delivery Fee) যোগ করা হচ্ছে বলে রিপোর্ট সামনে এসেছে। এই অতিরিক্ত চার্জের পরিমাণ ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত হতে পারে।

কাদের জন্য প্রযোজ্য এই ফি?

জোমাটোতে খাবার অর্ডার করার সময় গ্রাহকদের কাছে অনলাইন পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারির মতো একাধিক বিকল্প থাকে। নতুন এই ব্যবস্থায় কিছু গ্রাহক সিওডি বেছে নিলে খাবারের বিলের সঙ্গে অতিরিক্ত টাকা দেখতে পাচ্ছেন। তবে স্বস্তির বিষয় হলো, এই চার্জ এখনও সমস্ত জোমাটো গ্রাহকের জন্য বাধ্যতামূলক করা হয়নি। কোন গ্রাহকের কাছ থেকে ঠিক কত টাকা বা কোন ধরনের অর্ডারের ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো রেট বা ব্যাখ্যা প্রকাশ্যে আনেনি কোম্পানি। এমনকি একই ধরনের অর্ডারের ক্ষেত্রেও আলাদা আলাদা গ্রাহকের বিলে এই চার্জের তারতম্য দেখা যাচ্ছে।

অতিরিক্ত চার্জ এড়ানোর উপায় কী?

যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে এই নতুন ফি দেখাচ্ছে, তাঁদের জন্য অতিরিক্ত এই খরচ এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো ক্যাশ অন ডেলিভারি এড়িয়ে অনলাইনে পেমেন্ট করা। ইউপিআই (UPI), ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা জোমাটোর নিজস্ব অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করলে এই ‘পে অন ডেলিভারি ফি’ দিতে হবে না বলেই রিপোর্টে উঠে এসেছে। তবে এর মানে এই নয় যে অনলাইনে পেমেন্ট করলে কোনো বাড়তি খরচ নেই। প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি চার্জ, প্যাকেজিং চার্জ এবং ট্যাক্স তো যথারীতি থাকবেই। অন্যদিকে, জোমাটোর অন্যতম প্রধান প্রতিযোগী সুইগি (Swiggy) আপাতত ক্যাশ অন ডেলিভারির জন্য এই ধরনের কোনো আলাদা ফি নিচ্ছে না।

ছোট অর্ডারে সবচেয়ে বেশি চাপ

নতুন এই চার্জের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত গ্রাহক যাঁরা সাধারণত কম দামের খাবার অর্ডার করেন। ধরুন কেউ ১০০ থেকে ১৫০ টাকার খাবার অর্ডার করলেন, তার সঙ্গে যদি ৫ বা ১০ টাকা অতিরিক্ত ফি যোগ হয়, তবে সামগ্রিক বিলের ওপর তার প্রভাব অনেকটাই বেশি পড়ে। ফলে খাবার অর্ডার করার আগে পেমেন্ট পেজে প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি চার্জের পাশাপাশি সিওডি ফি যুক্ত হয়েছে কি না, তা ভালো করে খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *