২০২৯ সালের আগেই ২১ রাজ্যে UCC, বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উত্তরাখণ্ডের পথ অনুসরণ করে দেশের বাকি এনডিএ শাসিত রাজ্যগুলিতেও এই আইন কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করেছে দল।

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর হলে দেশের সমস্ত নাগরিকের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলিতে আলাদা ধর্মীয় আইনের পরিবর্তে একটি অভিন্ন আইনি কাঠামো প্রযোজ্য হবে। অর্থাৎ, নাগরিকদের ধর্ম আলাদা হলেও এই বিষয়গুলিতে সকলের জন্য একই নিয়ম বলবৎ করার লক্ষ্য রয়েছে কেন্দ্রের। রাজনৈতিক মহলের মতে, বিজেপির দীর্ঘদিনের পুরনো মতাদর্শগত এজেন্ডাগুলির মধ্যে এটি অন্যতম। বিরোধী দলগুলির আপত্তি এবং বিভিন্ন মহলের মতভেদকে পাশ কাটিয়ে এই আইন কীভাবে রাজ্যগুলিতে রূপায়ণ করা হয়, এখন সেটাই দেখার।

সাংবাদিক বৈঠকে ইউসিসির পাশাপাশি জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়েও মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুরে ১৯৫১ সালের ভিত্তিবর্ষ ধরে এনআরসি চালুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি। তবে এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন শাহ। একই সঙ্গে দেশ থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের অনড় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে সেই নির্দিষ্ট প্রক্রিয়া কী হবে, তা নিয়ে এখনই কিছু প্রকাশ করতে চাননি তিনি।

জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বিগত বছরগুলির বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শাহ জানান, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রমাণ করেছে কেন্দ্র। এর পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালন করা হবে, যার মূল লক্ষ্য হল আগামী ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার পরিকল্পনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *