ভোটের আগেই বিরাট মাস্টারস্ট্রোক! এনডিএ শাসিত রাজ্যগুলিতে কবে আসছে ইউসিসি?

দেশের রাজনীতিতে বড়সড় বদলের ইঙ্গিত দিয়ে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এনডিএ (NDA) শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) কার্যকর করার স্পষ্ট ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক বার্তা দেন তিনি।

সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ২০১৪ সালের আগের দুর্নীতি, জাতিভেদ এবং পরিবারতন্ত্রের যুগকে পেছনে ফেলে ভারত এখন সম্পূর্ণভাবে ‘পারফরম্যান্স-ভিত্তিক রাজনীতি’ বা কাজের রাজনীতির পথে হাঁটছে। ধর্ম নির্বিশেষে নাগরিকদের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক নেওয়ার মতো ব্যক্তিগত ক্ষেত্রে অভিন্ন আইন আনার লক্ষ্যেই দেশজুড়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে এই আইনের খসড়া বা চালুর প্রক্রিয়া শুরু হলেও, ২০২৯ সালের মধ্যে সমস্ত এনডিএ শাসিত রাজ্যগুলিতে এটি সুনিশ্চিত করা হবে বলে জানান তিনি।

পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ টেনে অমিত শাহ জানান, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি সর্বসমক্ষে প্রমাণিত হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা বাতিল, নকশাল দমন এবং উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানেও বর্তমান সরকার ঐতিহাসিক সাফল্য পেয়েছে বলে দাবি করেন তিনি।

অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একসময়ের ভঙ্গুর অর্থনীতি বা ‘ফ্র্যাজাইল ফাইভ’ (Fragile Five)-এর তালিকা থেকে বেরিয়ে ভারত এখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হয়েছে। প্রথম প্রান্তিকে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ‘ইন্ডিয়া ফার্স্ট’ বা ‘ভারতই প্রথম’ নীতির ওপর ভিত্তি করেই জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে এগিয়ে চলেছে দেশ। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনগুলির আগে অভিন্ন দেওয়ানি বিধি চালুর এই তোড়জোড় জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *