মুখের ওপর টাটার আবেদন খারিজ রিজার্ভ ব্যাঙ্কের! ১৮৫ বিলিয়ন ডলারের এই সংস্থাকে নিয়ে বিরাট সিদ্ধান্ত

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা সন্সের মুকুটে বড় ধাক্কা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বেসরকারি বা প্রাইভেট কোম্পানি হিসেবে নিজেদের অস্তিত্ব বজায় রাখার যে পরিকল্পনা টাটা গোষ্ঠী করেছিল, তা এক প্রকার খারিজ করে দিয়েছে আরবিআই। ফলে এবার টাটা সন্সকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে এবং আইপিও আনতে বাধ্য হওয়ার জোরালো পরিস্থিতি তৈরি হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী, টাটা সন্সের কোর ইনভেস্টমেন্ট কোম্পানি (CIC) হিসেবে রেজিস্ট্রেশন বাতিলের অনুরোধ সম্পূর্ণ মঞ্জুর করা হয়নি। উলটে সেন্ট্রাল ব্যাঙ্কের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘আপার লেয়ার’-এর অন্তর্ভুক্ত বিনিয়োগ কোম্পানিগুলোর জন্য যে কঠোর নিয়মকানুন ও বিধিমালা রয়েছে, তা যথাযথভাবে মেনে চলতে হবে। এর আগে এই বাধ্যবাধকতা এড়াতে ও বেসরকারি সংস্থার তকমা ধরে রাখতে সংস্থাটি বিপুল অঙ্কের ঋণও শোধ করেছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।
উল্লেখ্য, টাটা মোটরস, টিসিএস (TCS), টাটা স্টিল থেকে শুরু করে গোষ্ঠীর সমস্ত প্রধান সংস্থায় মূল হোল্ডিং কোম্পানি হিসেবে কাজ করে টাটা সন্স। প্রায় এক লক্ষ কোটি টাকার বেশি সম্পদের অধিকারী বড় এনবিএফসি (NBFC)-গুলির আর্থিক কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই আরবিআই এই কড়া পদক্ষেপ নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের ফলে ভারতের এই ঐতিহ্যবাহী ও সুবৃহৎ কর্পোরেট সাম্রাজ্যের আগামী দিনের কাঠামোগত পরিবর্তনে বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।